জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাবের হোসেনের সাক্ষাৎ
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে দেখা করে ন্যায়বিচার, সহানুভূতি ও সবার অংশগ্রহণ নিশ্চিতের ব্যাপারে তার ভূমিকার প্রশংসা করেছেন সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে বিদায়ী মহাসচিবের সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের চৌধুরীর সাক্ষাৎ হয় বলে আইপিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে এ বছর বিদায় নিচ্ছেন বান কি-মুন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।
সাবের হোসেনের সঙ্গে আলোচনায় মহাসচিব টেকসই উন্নয়ন ও ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনরোধে বিভিন্ন দেশের সাংসদদের নিয়ে আইপিইউর ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি জাতিসংঘ ও আইপিইউর ক্রমবর্ধমান যোগাযোগের সন্তোষ জানান।
এসময় সাবের হোসেন বলেন, দায়িত্ব পালনকালে জাতিসংঘ মহাসচিব অনুকরনীয় নেতৃত্বগুণের স্বাক্ষর রেখেছেন।
তিনি নারীর ক্ষমতায়ন ও তারুণ্যের বিকাশে শক্তিশালী ভূমিকা নেওয়ায় জাতিসংঘ মহাসচিবের প্রশংসা করেন।
আইপিইউর প্রেসিডেন্ট জাতিসংঘের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন।
