আ.লীগ-যুবলীগ নেতার বিরুদ্ধে আবাসনকর্মী হত্যার অভিযোগ
বুড়িগঙ্গার কাছে সাভারের আমিনবাজারে একটি একটি আবাসন প্রকল্পের লোকজনের উপর হামলার ঘটনার দুই দিন পর এক আবাসনকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাসেদ মিয়া জানান, হামলার পর থেকে নিখোঁজ সিলিকন সিটির কর্মী জুয়েলের (২৮) লাশ মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রোববারের ওই হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনসহ ১৪ জনের নাম উল্লেখ করে সাভার থানায় করা মামলাটিতে এখন হত্যার অভিযোগও যুক্ত করা হবে বলে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান জানিয়েছেন।
জমি দখলকে কেন্দ্র করে সাভারে সীমান্তবর্তী এলাকায় বুড়িগঙ্গা নদীর কাছে একটি আবাসন প্রকল্পের নির্মাণকাজে থাকা লোকজনের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার দুই দিন পর জুয়েল (২৬) নামে একজনের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে ঘটনাটিতে হামলা, ভাঙচুর ও জখমের অভিযোগে মামলা হয়েছে। ওই ঘটনায় লাশ পাওয়া যাওয়ায় মামলাটিতে হত্যার ধারাযুক্ত করা হবে। এ জন্য আদালতে আবেদন করা হবে।
আসামিদের প্রত্যেকের বাসা রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় হওয়ায় তাদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আসামিদের মধ্যে আছেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, রিয়াজ, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, ইয়াসিন আহম্মেদ, রিয়াজ আহম্মেদ, মিঠু মিয়া, মধু মিয়া, রুঞ্জু আহম্মেদ, রিয়াজ মাহামুদ, মিরাজ উদ্দিন, কামরুল হাসান, রনি আহম্মেদ ও হিটু মিয়া।
মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, আওয়ামী লীগ নেতা মিজান ও যুবলীগ নেতা তুহিনসহ আসামিদের কয়েকজন মিলে আমিনবাজারের বড় বড়দেশী মৌজায় অবস্থিত সিলিকন সিটির জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এক পর্যায়ে তারা ৭০ লাখ টাকা চাঁদাও দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এজাহারে বলা হয়েছে, রোববার দুপুরে সিলিকন সিটির লোকজনের উপর তারা হামলা চালায়; গুলি ও হাতবোমা ছুড়ে তারা। হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া জানান, জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
