২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরের যুবলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

ঢাকার সাভার থানার সীমান্তবর্তী এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি আবাসিক প্রকল্প নির্মাণকাজে থাকা লোকজনের উপর আদাবরের এক যুবলীগ নেতা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 04:23 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

তবে আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন এই অভিযোগ অস্বীকার করেছেন।

রোববার দুপুরে আমিনবাজার ইউনিয়ন ও আদাবরের সীমানায় সিলিকন সিটি নামের একটি আবাসিক প্রকল্প এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন মো. হাবুল হোসেন (৪০) নামে একব্যক্তি ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন।

হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা ওই আবাসিক প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ করছিলেন।

“দুপুর পৌনে ১টার দিকে তুহিনের নেতৃত্বে ৩০-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী প্রকল্প এলাকায় অতর্কিতভাবে এসে এলোপাতাড়ি গুলি করে ও চাপাতি দিয়ে লোকজনকে কোপায়।”

হাবুল বলেন, হামলায় তার বুকে ও হাতে গুলি লেগেছে; আহত হয়েছেন জুয়েল, নয়ন ও ইনসানসহ বেশ কয়েকজন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় বলে জানান তিনি।

এ বিষয়ে যুবলীগ নেতা তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমি শুনেছি। তবে এর সঙ্গে আমি জড়িত নই। ওই সময়ে আমি অফিসে ছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকল্প এলাকা থেকে লোকজনদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর হামলাকারীরা সেখানে অবস্থান করছিল। তারপর র‌্যাবের একটি দল সেখানে গেলে তারা এলাকা ত্যাগ করে।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই প্রকল্প এলাকাটি বুড়িগঙ্গার নদীর ভেতর বড় বড়দেশী মৌজা এলাকার মধ্যে পড়েছে।

সাভার মডেল থানার এসআই বাসেত আলী জানান, সিলিকন ও ওয়েস্টার্ন নামে দুটি আবাসন কোম্পানির মধ্যে জমি নিয়ে বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েস্টার্ন হাউজিং কোম্পানির লোকজন সিলিকনের লোকজনের উপর এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আহতরা সবাই শটগানের ছোড়া গুলিতে আহত হয়েছে।”

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই বাসেত।

এ বিষয়ে র‌্যাব ২ এর অধিনায়ক মো. আজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে গিয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”