রাষ্ট্রদূতের ব্যাগ চুরি: আরও একজন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
রবিউল ইসলাম ওরফে রবি নামে এই আসামিকে সোমবার ঢাকার আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নেওয়া আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।
শুনানি শেষে আসামির পক্ষে জামিনের আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার এ ইয়াসমিন তাকে দুই দিনের হেফাজত নেওয়ার আদেশ দেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
হেফাজতের আবেদনে বলা হয়, “রাষ্ট্রদূতের ব্যাগ চুরির কারণে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ব্যাপক ক্ষুণ্ন হয়েছে। ব্যাগে আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও জরুরি কাগজপত্র ছিল। এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন চোরাই মালামালসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।”
আদালতে আসামিপক্ষের আইনজীবী এসডি দুলাল রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
ব্যাগ চুরির ঘটনার ‘হোতা’ রুবেল হাওলাদার ও বসুন্ধরার মোবাইল ফোনের দোকানমালিক শাওন এই ঘটনায় একদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছে।
গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা।
সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। ব্যাগে আইপড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও জরুরি কাগজপত্র ছিল।
গত বুধবার চুরি করা ব্যাগটিতে থাকা মোবাইল ফোন বসুন্ধরা সিটি মার্কেটে শাওনের দোকানে বিক্রি করেন রুবেল। সেখান থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানায়।
