জেলা পরিষদ: মনোনয়ন পেলেও প্রার্থী হতে পারছেন না আবু ওসমান
দলীয় মনোনয়ন পেয়েও নির্দলীয় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা মুক্তিযোদ্ধা এম আবু ওসমান চৌধুরী।
নিজের নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এম আবু ওসমান চৌধুরীসহ অন্তত তিনজন ভোটার স্থানান্তরের জন্য আবেদন করেছেন। ভোট সামনে রেখে তফসিল ঘোষণার পর এ ধরনের ঠিকানা স্থানান্তরের আবেদন আমলে নিচ্ছে না কমিশন।”
সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ এলাকার ভোটার না হওয়ার কারণে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না বলে জানান তিনি।
ওসমান চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের একজন সদস্য জানান, তিনি ধানমন্ডির ভোটার। চাঁদপুরে ঠিকানা পরিবর্তনের জন্য কমিশনে আবেদন করেছেন, সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তারা আশা করছেন।
তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি ৬১ জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে ভোট হচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই ৩ ও ৪ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর। ভোট হবে ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।
নির্দলীয় এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৬১ জেলায় একক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে গত শুক্রবার তালিকা প্রকাশ করেছে। বিএনপি ও জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারলেও ভোট দিতে পারবেন না। আর জনপ্রতিনিধিরা ভোটার হলেও প্রার্থী হতে পারবেন না।
সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই।
প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ নির্বাচনের ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।
এ হিসেবে স্থানীয় সরকারের চার ধরনের প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবেন।
বর্তমানে ৬১ জেলায় আওয়ামী লীগ মনোনীত পরিষদের প্রশাসকও রয়েছেন। নির্বাচনে অংশ নিতে তাদেরও পদ ছাড়তে হবে।
ইসির উপ সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট জেলা পরিষদের ভোটার হতে হবে। ২০ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর বন্ধ রয়েছে।
প্রার্থী হলেই পুরো জেলার ভোটার তালিকা কেনা নিয়ে ক্ষোভ
জেলা পরিষদ নির্বাচনে সব নাগরিক ভোটার না হলেও প্রার্থীদের পুরো জেলার ভোটার তালিকাই কিনতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
গাইবান্ধার জেলা পরিষদে প্রার্থী হতে ইচ্ছুক জাসদের খাদিমুল ইসলাম খুদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র সংগ্রহের সময় কর্মকর্তারা তাকে বলেছেন, ভোটার তালিকার সিডি কিনতে ৫৪ হাজার ৫০০ টাকা দিতে হবে। সেই সঙ্গে জামানত ২০ হাজার টাকা।
“নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারছেন না। ভোট দেবে প্রতি জেলার সহস্রাধিক জনপ্রতিনিধি, যারা এ নির্বাচনে ভোটার। তাহলে কেন আমাকে পুরো জেলার ভোটার তালিকা অর্ধলাখ টাকা দিয়ে কিনতে হবে? আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছি।”
এই নিয়ম অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম জেলা পরিষদে চেয়ারম্যান পিদের প্রার্থীকে ভোটার তালিকার সিডি কিনতে লাখ টাকা খরচ করতে হচ্ছে। সদস্য পদের জন্য ওয়ার্ড অনুপাতে ৫০০ টাকা করে সিডি কিনতে হবে।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ। তিনি জানান, ভোটার সিডি কিনতে তার ৮২ হাজার টাকা খরচ হয়েছে। সেই সঙ্গে জামানতের আরও ২০ হাজার টাকা। চেয়ারম্যান পদে নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ টাকার মধ্যেই এ ব্যয় দেখাতে হবে।
“আবু ওসমান চৌধুরী এ জেলায় দলীয় মনোনয়ন পেলেও স্থানীয় ভোটার না হওয়ায় প্রার্থী হতে পারছেন না। আমি জেলা কমান্ডার হওয়ায় দলীয় কোনো পদে নেই। রোববার পর্যন্ত একমাত্র আমিই মনোনয়ন জমা দিলাম,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
ভোটার সিডি কেনা নিয়ে প্রার্থীদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসির একজন উপ সচিব বলেন, প্রার্থী, ভোটার, এজেন্টরা নির্বাচনী এলাকার ভোটার কিনা তা যাচাইয়ে প্রার্থীকে ভোটার তালিকার সিডি সংগ্রহ করতেই হবে। সংসদ থেকে স্থানীয় সরকারের সব নির্বাচনে ভোটার তালিকা সিডি কেনার বাধ্যবাধকতা রয়েছে। এর ব্যত্যয়ের সুযোগ নেই।
