২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে কম্পিউটার গেইম

মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে প্রথমবারের মতো নির্মিত ডেস্কটপ গেইম ‘ব্যাটল অব ৭১’ বাজারে এসেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে নয় মাসের যুদ্ধের ১২টি মিশন নিয়ে তৈরি করা হয়েছে এই ডিজিটাল খেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 09:42 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

একদল কিশোর-তরুণের কয়েক বছরের প্রচেষ্টায় নির্মিত ভিডিও গেইমটি রোববার বেসিস মিলনায়তনে উদ্বোধন করেন বেসিস সভাপতি মোস্তফা জব্বারসহ অন্যান্য অতিথিরা।

বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়সাল করিম রাহুল, ফারহান ও সবুজসহ ওই শিক্ষার্থী দলের তিন বছরের প্রচেষ্টায় প্রথমবারের মতো এ ধরনের গেইম নির্মিত হয়েছে বলে আয়োজকরা জানান।

বাজারে আসার আগেই ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ পুরস্কার জিতেছে গেইমটি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধকে অবলম্বন করে চলতি বছরের শুরুতে মোবাইল অ্যাপভিত্তিক গেইম ‘হিরো অব ৭১’ চালু হয়েছিল।

ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার বিভাগের প্রধান অধ্যাপক তাওহিদ ভূঁইয়া বলেন, “ভিডিও গেইমটিতে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ‘থ্রিডি ভিউ’ দেওয়া হয়েছে। এছাড়া গেইমের গল্প,চরিত্র, মিউজিকসহ সব কিছুই নিজস্ব উদ্ভাবন। ফলে এটি কোনো বাধা বিঘ্ন ছাড়া অনেক দিন টিকে থাকবে বলে আমার বিশ্বাস।”

গেইমটি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াসিইউ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল করিম বলেন, যে কোনো কম্পিউটারে গেইমটি খেলা যাবে। আপাতত এর দাম ধরা হয়েছে তিনশ টাকা।

বেসিস সভাপতি মোস্তফা জব্বার বলেন, বিশ্বে অ্যাপ ও গেইমের যে বিশাল বাজার রয়েছে, তার কিছু অংশের ছোঁয়া বাংলাদেশে পড়লে দেশের উন্নয়ন চিত্র পাল্টে যাবে। বাংলাদেশের তরুণ-তরুণীরা সেই কাজটি শুরু করেছে।

ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান বলেন, “বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে যে আমূল পরিবর্তন করেছে তা বিশ্ব দেখে হতবাক হয়। এই তথ্যপ্রযুক্তিতে একদিন বাংলাদেশ অবশ্যই নেতৃত্ব দেবে। সেক্ষেত্রে ভূমিকা রাখবে আজ ও আগামীর উদ্যোক্তারা।”

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদসহ ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।