গাইবান্ধায় চিনিকলে সংঘর্ষ: সাঁওতালসহ ৩৩ জনকে হাই কোর্টের জামিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ সাহেবগঞ্জ-বাগদা ফার্মের জমিতে চিনিকল কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হামলার অভিযোগে পুলিশের মামলায় ২২ সাঁওতালসহ ৩৩ আসামিকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
আইন ও সালিশ কেন্দ্রের আবেদন শুনে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
এদিন আসামিরা সবাই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাদের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের কেন্দ্রের জ্যেষ্ঠ আইনজীবী কে এম আমিন উদ্দিন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।
আদালত শুনানি শেষে ৩৩ আসামিকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য খামার গড়ে তুলেছিল।
সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালসহ বাঙালিরা।এক পর্যায়ে বিরোধপূর্ণ ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন।
গত ৬ নভেম্বর সকালে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহারায় খামারের আখ কাটতে গেলে সাঁওতাল-বাঙালিরা তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ হয়।সাঁওতালদের ছোড়া তীরের আঘাতে কর্মচারী ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
এঘটনায় ওই দিনই গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণকুমার চক্রবর্তী ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে মামলা করেন।
মামলায় বলা হয়, প্রধান আসামি শ্যামল হ্যামভ্রম ও দ্বিতীয় আসামি মো. শাহজাহান আলির নেতৃত্বে ও হুকুমে অন্য আসামিরা তীর-ধনুক-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রংপুর সুগার মিলে প্রবেশ করে আখ মাড়াইয়ে বাধা দেয়। তারা কাটা আখ চুরি করে এবং সুগার মিলের কর্মরত লোকজনদের ওপর তীর ছুড়ে হামলা করে। এতে তীরবিদ্ধ হয়ে তিন জন আহত হয়।
ওই ৪২ আসামির মধ্যে ৩৩ জনের নাম উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্র আগাম জামিন আবেদন করেছিল।
