২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কামাল চৌধুরী

প্রশাসনে নিজের আস্থাভাজন কর্মকর্তা কামাল আবদুল নাসের চৌধুরীকে নিজের দপ্তরের মুখ‌্য সচিবের পদে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 05:38 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

অবসরে যাওয়ার এক মাস আগে রোববার তাকে প্রধানমন্ত্রীর মুখ‌্য সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ হয়। এই মন্ত্রণালয়েরই জ‌্যেষ্ঠ সচিবের দায়িত্বে ছিলেন কবি হিসেবে সমধিক পরিচিত কামাল চৌধুরী।

ডিসেম্বরে অবসরের বয়সসীমা পার হলেও কামাল চৌধুরী চুক্তিভিত্তিক নিয়োগে থেকে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ‌্যেষ্ঠ সচিব এখন পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদায় উঠলেন।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ‌্য সচিবের নামটি থাকে। একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।

কামালের পূর্বসূরি আবুল কালাম আজাদ আগামী ১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আস্থাভাজন এই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পান। চাকরির মেয়াদ শেষে একই পদে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন তিনি।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা কামাল চৌধুরী জনপ্রশাসনের আগে তথ‌্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনের সময় ২০১৪ সালের ১৯ মার্চ জ্যেষ্ঠ সচিব হন তিনি।

কামাল চৌধুরীর জন্ম ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে। কবিতা লিখে সাহিত্যাঙ্গনে পরিচিত এই আমলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী।

ভাষার ব‌্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক সময় সচিব কামাল চৌধুরীর কাছ থেকে অন‌্যদের জেনে নিতে বলেন বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পুরনো খবর:

‘উনি আমলা কামাল নয়, কবিতার কামলা কামাল’