২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানি দম্পতির ওপর হামলা ‘পাওনা টাকার জন্য’

ঢাকার উত্তরায় এক বছর আগে তাইওয়ানের এক ব্যবসায়ী দম্পতিকে হত্যাচেষ্টায় জড়িত অভিযোগে এক নারীসহ চারজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 11:26 AM

Updated : 20 Aug 2022, 02:20 PM

র‌্যাব বলছে, পাওনা টাকার জন্য ওই দম্পতির ওপর হামলা চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেপ্তাররা হলেন, ওই দম্পতির মালিকাধীন কারখানা কর্মচারী মো. সাজু মিয়া (২৮), মো. রাজু মিয়া (৩০) ও মো. এবায়দুল হক স্বপন (২৪) এবং তাদের গৃহকর্মী হালিমা বেগম (৪৫)।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাববের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিজান জানান, র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার রাতে উত্তরার আজমপুর এলাকায় থেকে প্রথমে সাজুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে রাজুকে আশুলিয়া থেকে, স্বপনকে গাজীপুরের ‍রুপগঞ্জ থেকে এবং তাদের দেওয়া তথ্যে হালিমাকে বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত বছর ৫ নভেম্বর গভীর রাতে উত্তরার এক বাসায় ঢুকে তাইওয়ানের যে ব্যবসায়ী দম্পতিকে ‘হত্যাচেষ্টা’ হয় সেই দম্পতির গাজীপুরের জয়দেবপুরে বড়গাছা এলাকায় জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামে একটি প্ল্যাস্টিক কারখানা রয়েছে।

এর আগে এ ঘটনায় জাহাঙ্গীরর নামে জিন জিং ইয়াং কোম্পানির এক কর্মচারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এবার গ্রেপ্তারদের মধ্যে রাজু ও সাজু ওই জাহাঙ্গীরের দুই শ্যালক।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার বিধান ত্রিপুরা সে সময় বলেছিলেন, “টাকার জন্যই তারা তিনজন ওই বাসায় হামলা চালায়।”

পিভিসি ডোর ও সিলিং তৈরির ওই কারখানায় জাহাঙ্গীর, সাজু, রাজু ও স্বপন কাজ করত। আর দেড় বছর আগে সাজুর মাধ্যমে ওই দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিল হালিমা।

তাইওয়ানি দম্পতির উত্তরার চার নম্বর সেক্টরের ১৪/এ রোডের ৮ নম্বর বাড়িটিতে হামলার সময় তাদের আহত করে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল হামলাকারীরা।

গ্রেপ্তারের পর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মো. মাসুদ বলেন, “জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং মিং চির কাছে বকেয়া টাকা পাওনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে গ্রেপ্তার আসামিরা।

“বকেয়া টাকা পেতে মরিয়া হয়ে তারা হালিমার মাধ্যমে ওই বাসার কলাপসিবল গেইট ও দরজার তালার নকল চাবি বানায় এবং হালিমার মাধ্যমে ওই তাইওয়ানি দম্পতিকে ঘুমের ওষুধ খাইয়ে ওই বাসায় চুরি অথবা ডাকাতির পরিকল্পনা করে।”

ওই বাসার নিচতলা জিন জিংয়ের অফিস হিসেবে ব্যবহার হলেও দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক হিসেবে ব্যবহার করা হতো জানিয়ে র‌্যাবের এই অধিনায়ক বলেন, “ঘটনার দিন রাতে হালিমা ওই দম্পতিকে ঘুমের ওষুধ না খাইয়ে সাজু ও অন্যদের জানায় যে ওই দম্পতিকে সে ঘুমের ওষুধ খাইয়েছে। তারা (দম্পতি) ঘুমিয়ে রয়েছে।

“গ্রেপ্তাররা ঘটনার রাতে নকল চাবি দিয়ে প্রথমে কলাপসিবল গেইটের তালা খুলে সিঁড়িতে প্রবেশ করে। তবে দুই তলার দরজার লক নকল চাবি দিয়ে খোলার সময় শব্দে ওয়াং মিং চি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন এবং তাদের চিনতে পেয়ে রাজুকে ঝাপটে ধরেন।”

ধস্তাধস্তির এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে ওয়াং মিং চির মাথায় আঘাত করার কথা গ্রেপ্তার রাজু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাসুদ।

তিনি বলেন, “লাঠির আঘাতে ওয়াং মিং চি চিৎকার দিলে তার স্ত্রী এগিয়ে আসা মাত্রই গ্রেপ্তাররা ভয় দেখিয়ে স্টিলের সিন্দুক থেকে ছয় লাখ টাকা নেয় এবং তার মাথায়ও কাঠের টুকরা দিয়ে আঘাত করে।

“দম্পতির আর্ত চিৎকারে তৃতীয় তলায় বসবাসকারী কোম্পানির আরেক ব্যবস্থাপক ম্যাসম চকো বের হয়ে আসে। তবে তিনি আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে বসবাস করছে ওই তাইওয়ানি দম্পতি। ওয়াং মিং চি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রীও এর একজন পরিচালক।

পুরনো খবর:

ঢাকায় বাসায় ঢুকে তাইওয়ানি দম্পতিকে জখম করে টাকা লুট