‘স্বেচ্ছায়’ খুনের দায় স্বীকার বিমানবন্দরে হামলাকারীর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার শিহাব নিজের দোষ স্বীকার আদালতে জবানবন্দি দিয়েছেন।
এই যুবক স্বেচ্ছায় হাকিমের কাছে দেওয়া এই জবানবন্দিতে খুনের দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের প্রধান বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের উপর হামলাকারী শিহাবের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই যুবক মাদকাসক্ত ছিলেন।
গত ৬ নভেম্বর সন্ধ্যার পর শিহাব বিমানবন্দরের বহির্গমন পথ দিয়ে ঢোকার সময় বাধা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে এক আনসার সদস্য নিহত এবং তিনজন আহত হন।
আহতাবস্থায় গ্রেপ্তারের পর শিহাবকে চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যামামলা করেন বিমানবন্দর আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম।
এরপর শিহাবকে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাহবুবুল আলম তাকে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের কাছে নিয়ে যান।
খাসকামরায় শিহাবের জবানবন্দি নিয়ে হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
তিনি বলেন, শিহাব ‘স্বেচ্ছায়’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন এবং নিজেকে ‘হত্যাকারী হিসেবে চিহ্নিত করে’ জবানবন্দি দেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শিহাবের হামলার পরপরই তোলা ছবি
কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার ও মামলার তদারক কর্মকর্তা আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিহাব ওরফে সোহেলের বাড়ি রাজবাড়ির পাংশা। তার বাবার নাম আবদুর রহিম বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, মাদকসেবী শিহাব পরিবার ছেড়ে প্রায় ৭ বছর ধরে গাজীপুরে থাকছে। একসময় একটি ওয়ার্কশপে, পরে গার্মেন্টস এবং একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করত।
“শিহাব নিজের খেয়ালখুশি মতো চলাফেরা করত। সব সময় নিজের কাছে গাঁজা কাটার জন্য ছুরি রাখত। বিমানবন্দরে প্রবেশে বাধার মুখে পড়লে ওই ছুরি দিয়েই সে আঘাত করেছিল।”
শিহাব এলাকার একটি অপরাধে জড়িত থাকার অভিযোগে আগে একবার কারাগারে গেলেও তার কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পুলিশ পায়নি বলে জানান কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তা মান্নান।
