২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীকে ধরে নিয়ে থানায় নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ

এক আইনজীবীকে থানায় নিয়ে মারধরের অভিযোগে রাজধানীর ওয়ারী থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 10:59 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

২০১৩ সালের পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনের ১৫(১) ধারায় বৃহস্পতিবার এ মামলা দায়েরের আবেদন করেন ‘নির্যাতিত’ আইনজীবী মো. মোস্তফা কামাল।

পরে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আবেদন গ্রহণ করে অভিযোগটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) আলীম সিকদার এবং এসআই সাইফুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত ২১ নভেম্বর বাদী সকাল ৬টায় নিজ বাসা থেকে প্রাতঃভ্রমণের জন্য বের হয়ে ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেটের পশ্চিম-উত্তর কোণে আসেন। ওই সময় এসআই সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামিরা বাদীকে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানান।

বাদী গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে তা না দেখিয়ে জোর করে তাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে এসআই সাইফুল ওসি আলীমকে বলেন, ‘দাগি মার্ডার কেসের আসামি ওয়ারেন্টে ধরে আনছি।’

ওসি আলীম বাদীকে তার কক্ষে নিয়ে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন। পরে হাজতখানায় ঢুকিয়ে রাখেন।

পরবর্তী সময়ে বাদীকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মহানগর দায়রা জজ আদালতে দায়রা করা একটি মামলার (মামলা নম্বর ৯৬২/১৩) ওয়ারেন্ট মূলে তাকে ধরে আনা হয়েছে।

আইনজীবী কামাল তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই জানালেও ওইদিন আসামিরা তাকে আদালতে পাঠায়। আদালতে আনার পর বাদীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই প্রমাণ হওয়ায় আদালত থেকে তিনি তাৎক্ষণিক মুক্তি পান।