সোনা আত্মসাতে বিমানবন্দর কর্মকর্তার ১০ বছরের দণ্ড
ক্ষমতার অপব্যবহার করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদাম থেকে সোনা আত্মসাতের দায়ে গুদামটির সাবেক পরিদর্শক মজিবুর রহমান সরকারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এই রায় দেন।
মজিবুর রহমান বিমানবন্দরের শুল্ক বিভাগের গুদাম পরিদর্শকের দায়িত্বে থাকার সময় ২০০৮ সালে সেখান থেকে ১০ কেজি সোনা লোপাট হয়।
২০১০ সালের ৪ মে মজিবুরকে একমাত্র আসামি করে মামলা করেন বিমানবন্দরের গুদামের পরিদর্শক গোলাম মোর্তজা; তদন্তের দায়িত্ব পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে মুজিবর রহমানের সঙ্গে শুল্ক বিভাগের সহকারী কমিশনার সালাউদ্দিন রিপন, বিমানবন্দরের ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট ফয়সাল চৌধুরী জীবন ও ইসমাঈল হোসেনকে আসামি করে অভিযোগপত্র দেন দুদক উপপরিচালক এস এম আখতার হামিদ।
তবে আদালত মুজিবুর রহমান ছাড়া বাকিদের খালাস দিয়েছেন বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন।
এদের মধ্যে ইসামাঈল হোসেন ছাড়া বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।ইসমাইল শুরু থেকেই পলাতক রয়েছেন।
