২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীনে পোড়া অনেককে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ

চার বছর আগে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে দগ্ধ অনেক শ্রমিক এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 04:36 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

আগুনে শতাধিক শ্রমিকের প্রাণহানির চতুর্থ বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), কনফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, বাংলাদেশ জাতীয় গার্মেন্ট কর্মচারী লীগসহ কয়েকটি সংগঠন।

মানববন্ধন থেকে শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ দ্রুত দেওয়ার দাবির পাশাপাশি চার বছর পেরিয়ে যাওয়ার পরও এ ঘটনায় অভিযুক্তদের বিচার না হওয়ায় ক্ষোভ জানানো হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুনে সরকারি হিসাবে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে আহত হন দেড় শতাধিক শ্রমিক।

আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে সে সময় অভিযোগ ওঠে। এরপর তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।

ওই অগ্নিকাণ্ডের কয়েক মাসের মধ্যে সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু ঘটলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) বাতিল করে।

তাজরীনের ঘটনায় মামলা হওয়ার ১৩ মাস পর ২০১৩ সালের ২ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক এ কে এম মহসীন উজ জামান খান।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে মামলার বিচার কাজ শুরু হয়।

ওই ঘটনায় বেশিরভাগ শ্রমিক ক্ষতিপূরণ পেলেও অনেকে তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করে আসছেন শ্রমিক নেতারা। বছর ঘুরে একই অভিযোগ আবারও তোলেন তারা।

মানববন্ধনে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, আগুনে পোড়া তাজরীন ফ্যাশনসের অনেক শ্রমিক চার বছরেও ক্ষতিপূরণ পায়নি।

“শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত বিচার থেকে বঞ্চিত হচ্ছে, পাচ্ছে না ন্যায্য ক্ষতিপূরণ। তাদের জীবনের নিরাপত্তা, সঠিক পাওনা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে দেশের উন্নয়নকে সভ্য উন্নয়ন বলা যাবে না।”

“আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি, অবিলম্বে তাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করুন,” বলেন তিনি।  

চার বছর আগের ওই ঘটনাকে ‘দুর্ঘটনা নয়, অবহেলাজনিত শ্রমিক হত্যা’ আখ্যা দিয়ে আমিন বলেন, দায়ীদের দ্রুত বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না।

“বাংলাদেশে এ যাবত শতাধিক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে, কিন্তু শ্রমিক হত্যার দায়ে একজন মালিকেরও বিচার হয়নি। ধনিক ও মালিক শ্রেণির প্রতি সরকারের দুর্বলতার কারণেই এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলছে।”

মানববন্ধনে কনফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর আহ্বায়ক শিহাবুল ইসলাম রনি বলেন, তাজরীনের ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

“কিছু সংখ্যক শ্রমিককে লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেও বেশিরভাগ শ্রমিক ক্ষতিপূরণ পাননি। তাদের জীবনযাপন অত্যন্ত দূরূহ হয়ে পড়ছে, জীবন যাচ্ছে পঙ্গুত্বের দিকে।”

অবিলম্বে ক্ষতিপূরণ না পাওয়া শ্রমিকদের তালিকা করে তাদের ‘পাওনা’ বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।