জলবায়ু অর্থায়ন: ক্ষতিপূরণ আদায়ে সক্রিয় হওয়ার পরামর্শ টিআইবির
জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক চাপ অবজ্ঞা করে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সরকারকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সেই সঙ্গে বাংলাদেশের অভিযোজন তহবিলের ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
‘কপ-২২ মারাকাস সম্মেলন পরবর্তী জলবায়ু অর্থায়ন’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বুধবার ধানমণ্ডির মাইডাস সেন্টারের টিআইবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়, যাতে কারাকাস সম্মেলনের প্রেক্ষাপটে দেশের চলমান চ্যালেঞ্জ ও তা উত্তরণে বিভিন্ন অংশীজনের ‘করণীয়’ তুলে ধরা হয়।
মরক্কোর মারাকাসে গত ৭ থেকে ১৮ নভেম্বর কপ-২২ সম্মেলন হয়। এতে ‘মারাকাস অ্যাকশন প্রোক্লাইমেশন ফর আওয়ার ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক ঘোষণায় বিশ্বনেতারা প্যারিস চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, “জলবায়ু অর্থায়নে বিশ্বব্যাংক ও এডিবিসহ আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের চাপ বা কৌশল অবজ্ঞা করে দেশের ন্যায্য ক্ষতিপূরণ বাবদ অনুদান সংগ্রহে সরকারকে আরো সক্রিয় হতে হবে।”
কপ সম্মেলন পরবর্তী চ্যালেঞ্জের বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, প্রতি বছর জাতীয় বাজেট থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ) এ বরাদ্দের পরিমাণ ক্রমেই কমছে। ২০১২ সালের পর শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলেন্স তহবিল (বিসিসিআরএফ) এ নতুন কোনো অর্থায়ন না করায় অভিযোজন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশকে বেগ পেতে হচ্ছে।
“এর মধ্যে গত ১০ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত সংবাদে বিসিসিআরএফ এর জন্য ব্রিটিশ সরকারের দেওয়া তহবিল ফিরিয়ে নেওয়ার খবরে টিআইবি উদ্বিগ্ন। এ তহবিল প্রত্যাহার করা হলে প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের ঝুঁকি বাড়বে।”
চ্যালেঞ্জ উত্তরণে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে ১০ দফা সুপারিশও করেছে টিআইবি।
সংবাদ সম্মেলনে ‘কপ ২২ মারাকাস সম্মেলন পরবর্তী জলবায়ু অর্থায়নে চাই উন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ, জিসিএফসহ অভিযোজন তহবিলে বাংলাদেশের অভিগম্যতা এবং তা ব্যবহারে অংশীজনের স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম জাকির হোসেন।
তিনি জানান, প্যারিস চুক্তির ভবিষ্যত রূপরেখা, দীর্ঘমেয়াদী জলবায়ু অর্থায়ন ও স্বচ্ছ কাঠামো নিয়ে কপ-২২ সম্মেলনে অগ্রগতি হয়েছে।
পাশাপাশি পরবর্তী ভবিষ্যৎ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে- ব্যাপক কার্বন নিঃসরণ কমাতে শিল্পোন্নত দেশগুলোর পদক্ষেপে ঘাটি, দীর্ঘমেয়াদী জলবায়ু অর্থায়নে অনিশ্চয়তা, অভিযোজন তহবিলের অনিশ্চিত ভবিষ্যত, সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এর কঠোর মানদণ্ড ও তহবিল ছাড়ে অনিশ্চয়তা, বাংলাদেশের অভিযোজন তহবিলের ঘাটতি এবং অভিযোজন অর্থায়নের জন্য ঋণের ভার বাড়ানোর ঝুঁকি।
জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে জলবায়ু তহবিলের আওতায় প্রকল্প বাস্তবায়নে সব আর্থিক লেনদেনের প্রতিবেদন প্রকাশ করতে হবে। বাংলাদেশ জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিতের বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
