শিল্পকলায় নানা আয়োজনে আঁদ্রে মালরোকে স্মরণ
মুক্তিযুদ্ধকালীন সময়ের অকৃত্রিম বন্ধু ফরাসি উপন্যাসিক আঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে দ্ব্যর্থহীন সমর্থন দেওয়া মালরো স্মরণে আয়োজিত ‘মালরোকে মনে পড়ে’ শীর্ষক অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন জুড়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ছিল কার্টুন, আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী, নাটক এবং মালরো স্মরণে আলোচনা সভা।
সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকার ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালায় মালরোর জীবনের নানা দিকের পাশাপাশি ফরাসি এই উপন্যাসিকের বাংলাদেশ ভ্রমণের স্মৃতিচারণ করেন কেউ কেউ।
বুধবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্মরণ অনুষ্ঠানের উদ্বোধনী আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানটি শুরু হয় বিশেষ অতিথি ফরাসি দূতাবাসের উপপ্রধান জ্যঁ পিয়েহ প্যসের বক্তৃতার মধ্য দিয়ে।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন যোগানো মালরো বঙ্গবন্ধুর আমন্ত্রণে ১৯৭৩ সালে ঢাকায় এসেছিলেন। একাত্তরের সেপ্টেম্বরে তার বয়স হয়েছিল সত্তর। মুক্তিযুদ্ধকালীন সময় তিনি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক ব্রিগেড গড়তে উচ্চকণ্ঠ ছিলেন।
উদ্বোধনীর আলোচনায় আঁদ্রে মালরোর জীবনের নানা দিক তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অধ্যাপক মাহমুদ শাহ কুরেশির বর্ণনায় আঁন্দ্রে মালরোর ১৯৭৩ সালের বাংলাদেশ ভ্রমণ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মালরোর ’লেসপোয়াহ্’ বইয়ের অনুবাদক ড. গুরুপদ চক্রবর্তীর আলাপচারিতাও ছিল অনুষ্ঠানে।
এরপর অনূদিত ’আশা’ গ্রন্থটির নাট্যরূপ থেকে অসিম দাশের পরিচালনায় একটি নাটক মঞ্চস্থ হয়। এতে মালরোর বিভিন্ন সময়ের বক্তব্যগুলোকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়।
১৯৫৯ সালে মালরোকে ফ্রান্সের প্রথম সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন চার্লস দ্য গল।
গণসংস্কৃতির মুখপাত্র মালরো বিষয়ে একটি গোলটেবিল বৈঠকও আয়োজিত হয়।
এছাড়া শিল্পকলা একাডেমির লবিতে ছিল কার্টুন প্রদর্শনী ‘ড্রয়িং ফ্রিলি’ ও আলোকচিত্র প্রদর্শনী ‘নভেম্বর ইন প্যারিস’।
এর আগে গত মঙ্গলবার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় একটি সাহিত্য ও চলচ্চিত্র সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় মালরো স্মরণ অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো চট্টগ্রামে আঁন্দ্রে মালরোকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
