২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রটোকল’ ছাড়া এসে দেখে যান: আহ্বান মেয়রকে

“আপনি উইদাউট প্রটোকলে একদিন আসেন। একদিন সন্ধ্যায় বা সকালে আপনি এসে শুধু দেখেন ধানমণ্ডি কী অবস্থায় আছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 07:39 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

বুধবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের প্রতি এ আহ্বান রাখেন ধানমণ্ডির বাসিন্দা এক নারী।

ধানমণ্ডিবাসীর সমস‌্যা-সম্ভাবনার কথা শোনানোর এই অনুষ্ঠানে ওই নারী বলেন, “ধানমণ্ডি এলাকার বিভিন্ন স্কুলের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এসব স্কুলে আসা যানবাহনগুলো সড়ক ফুটপাত সবই দখল করে নিয়েছে।”

ধানমণ্ডি এলাকায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কতগুলো দোকানপাট দরকার- হিসাব করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে মেয়রকে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অনেকে ধানমণ্ডি এলাকা থেকে স্কুল-কলেজ সরাতে উচ্চ আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। নাগরিকদের বেশিরভাগই মেয়রকে জানিয়েছেন, ধানমণ্ডি এলাকার স্কুল-কলেজের কারণে সৃষ্ট ভোগান্তির কথা।

অবিলম্বে ধানমণ্ডি এলাকার স্কুল-কলেজের ট্রেড লাইসেন্স বাতিল করার আহ্বান জানান একজন বাসিন্দা। এসব স্কুল ধানমণ্ডির ২, ২৭, ৩২ নম্বর সড়ক এবং সাতমসজিদ সড়কে স্থানান্তরের পরামর্শ দেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের কারণে প্রতিদিন সকালে বাড়ির সামনের সড়কে গাড়ির জটে আটকে থাকার বর্ণনা দেন ১২/এ সড়কের বাসিন্দা মিজানুর রহমান।

তিনি বলেন, “সকাল সাড়ে ৭ টা থেকে ৯টা এবং বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অবস্থা থাকে।

“এই সময় আমরা বাসা থেকে বেরও হতে পারি না। ঢুকতেও পারি না। বঙ্গবন্ধু মিউজিয়ামের সামনে থেকে আমার বাসায় আসতে লেগে যায় পৌনে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা। গাড়ি চলতে পারে না। বসে থাকে।”

ধানমণ্ডি এলাকা থেকে স্কুল-কলেজ সরাতে সিটি করপোরেশন, রাজউক এবং গণপূর্ত অধিদপ্তর একসঙ্গে কাজ করছে বলে জানান মেয়র।

তিনি বলেন, “হাই কোর্টের রায়ের বাস্তবায়ন হবে। তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বাস্তবায়ন করতে চাই। হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলে সমস্যার সমাধান না হয়ে নতুন করে সমস্যা সৃষ্টি হবে।”

যানজট পরিস্থিতির বিষয়ে সাঈদ খোকন বলেন, “এজন্য একটু সময় নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে সারতে চাই।”

সালাহ উদ্দিন আহমেদ নামে এক বাসিন্দা অভিযোগ করেন ধানমণ্ডি লেকের বাইরেও এলাকার ফুটপাত দখল করে আড্ডা দেওয়ার কথা।

তার কথায় সমর্থন দিয়ে কয়েকজন বলে ওঠেন- এখন বাসার সামনের ফুটপাতেও বসা শুরু করে দিয়েছে। ‘ইভ টিজিংয়ের’ ঘটনাও বেড়ে গেছে।

এলইডি বাতি দেওয়ায় রাতে ধানমণ্ডি এলাকার বিভিন্ন সড়কে ক্রিকেট খেলার প্রবণতা বেড়ে গেছে বলে এই বাতিগুলো তুলে নিতে মেয়রের প্রতি অনুরোধ জানান ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।

“রাত ৯টা সোয়া ৯টা থেকে রাস্তায় ক্রিকেট খেলা শুরু হয়। চলে ১১টা সাড়ে ১১টা পর্যন্ত।”

নগর ভবনের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম পুরো চালু হলে সেখান থেকে আলোর উজ্জ্বলতা কমানো-বাড়ানোর সুযোগ থাকবে। তখন রাত ১০টার পরে এলইডি বাতির আলো কমিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র।

ধানমণ্ডি লেকে হাঁটার পথ ও লেকের পাশের সড়কে কোনো সিসি ক্যামেরা না থাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে বলে মেয়রকে জানান ৩ নম্বর সড়কের বাসিন্দা নাফিজ ইমতিয়াজ।

“নানা ধরনের অসামাজিক কাজ হয়। এছাড়া খুনি সন্ত্রাসীরা কোনো অপকর্ম ঘটায় কি না, সে ভয়েও থাকতে হয়।”

মেয়র পুরো ধানমণ্ডি লেককে সিসি ক্যামেরার আওতায় আনার আশ্বাস দেন।

“আমরা ধানমণ্ডি এলাকাকে নতুন রূপ সাজাতে চাই। আগের যে কোনো সময়ের তুলনায় এ এলাকা আরও আধুনিক হবে। এসব কাজ পরিকল্পিতভাবে করার জন্য আমাকে একটু সময় দিতে হবে।”

রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্র গড়ে তোলার আশ্বাসও দেন তিনি।