২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের রাডার মামলা: ফের সাক্ষ্যের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি থাকাকালে রাডার কেনায় দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ফের সাক্ষাগ্রহণ হবে কি না- তা জানা যাবে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 06:05 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

এ বিষয়ে দুদকের একটি আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ‌্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা এ মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ‌্য নেওয়ার আবেদন গত ৮ নভেম্বর জজ আদালত খারিজ করে দেওয়ায় হাই কোর্টে আসে দুদক।  

শুনানির পর খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় ৩৮ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। ন্যায়বিচারের জন্য আমরা নতুন করে সাক্ষ‌্য নিতে বলেছি।”

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত‌্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল হয়। ১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত থাকে।

আইনি বাধা কাটলে মামলা হওয়ার ১৮ বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্যগ্রহণ।

২০১৪ সালের ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দেন। সেদিন অন‌্য দুই আসামি বিমান বাহিনীর সাবেক দুই শীর্ষ কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করে বক্তব‌্য দেন। অন্য আসামি এ কে এম মুসা শুরু থেকেই পলাতক।

বিচারের শেষ পর্যায়ে এসে ২০১৪ সালে ঢাকার তৎকালীন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আবদুর রশীদ যুক্তিতর্ক শুনানি নিতে বিব্রত বোধ করেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার জেলা জজ আদালতে বদলির কথা থাকলেও তা বদলি করা হয় মহানগর দায়রা জজ আদালতে।

দুদক সেখানে পুনরায় সাক্ষ‌্য নেওয়ার আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা গত ৮ নভেম্বর তা খারিজ করে দেন।

বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এই মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার দায় থেকে মুক্তি পেয়েছেন। মামলার ধার্য তারিখে তার আইনজীবীই তার পক্ষে হাজির থাকেন।