২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম বিক্রেতার টাকা ছিনতাই: কনস্টেবল-আনসার ফের রিমান্ডে

রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল ও আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদিনের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান এবং আনসার সদস‌্য রাজিকুলকে রিমান্ডে পাঠানোর এই আদেশ মঙ্গলবার দেন ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী।

দুই দিনের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী ওই দুজনকে ফের তিন দিনের রিমান্ডে চান।

শুনানির পর আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

লতিফুজ্জামান ও রাজিকুল শুক্রবার ভোরে কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও মোড়ে ডিম ব্যবসায়ী বাসিরকে তল্লাশির নামে তার কাছে থাকা ৪৪ হাজার টাকা ছিনিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এসময় বাসির কনস্টেবল লতিফুজ্জামানকে জাপটে ধরে আশপাশের লোকজনের সহায়তা আটক করতে পারলেও পালিয়ে যান আনসার সদস্য রাজিকুল; পরে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ডিম বিক্রেতা বাসির বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, শুক্রবার ভোরে ভ্যানে করে ফিরছিলেন তিনি। হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটর সাইকেল তার পথরোধ করে। আরোহী দুজনেই ‘ইউনিফর্ম’ পরা ছিলেন।

তাদের একজন বাসিরের কাছে গাঁজা আছে কিনা জানতে চান। এ সময় বাসির ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানান। এ টাকা দেখেই তা ছিনিয়ে নেওয়া হয়।