প্রেমের মানহানির মামলায়ও অব্যাহতি ঈশানার
প্রযোজক মারুফ খান প্রেমের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় অব্যাহতির পর মানহানির মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন লাক্স তারকা মডেল অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।
ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম মঙ্গলবার তাকে অব্যাহতির এই আদেশ দেন।
একই ঘটনায় দুটি মামলা হওয়ায় এবং মানহানির কোনো উপাদান না থাকায় এই অব্যাহতির আদেশ দেওয়া হয়। শুনানির সময় বাদী মারুফ খান প্রেম ও ঈশানা আদালতে উপস্থিত ছিলেন।
ঈশানার আইনজীবী এমদাদুল হক লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে একই ঘটনায় একই বাদীর দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২৫ জুলাই সাইবার ট্রাইব্যুনাল ঈশানাকে অব্যাহতি দেয়।
গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন মারুফ খান প্রেম।
ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে। এরপর সমনে সাড়া না দিয়ে সেদিন আদালতে হাজির না হওয়ায় ঈশানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পরে ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন নেন ঈশানা।
মামলার অভিযোগে বলা হয়, ঈশানা গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিং করছিলেন।
একপর্যায়ে মেকআপ রুমে কয়েকজনের সামনে প্রেমকে নিয়ে বিভিন্ন আজেবাজে কথাবার্তা বলেন ঈশানা; যা ওখানে উপস্থিত এক সহশিল্পী তার মুঠোফোনে রেকর্ড করেন।
রেকর্ড করা আলাপচারিতা শোনার পর মারুফ খান শুটিং স্পটে উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ নিয়ে হাজির হন। এরপর পুলিশের এক কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিকভাবে বিষয়টির সুরাহা হয়।
কিন্তু ঈশানা পরে শুটিংয়ের শিডিউল ফাঁসানো ও বাদীর অনুপস্থিতিতে শুটিং সেটে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশির ফেইসবুকেও এ বিষয়ে মানহানিকর স্ট্যাটাস দেন অভিযোগে মামলাটি দায়ের করেন প্রযোজক প্রেম।
২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।
