প্রেমের এক মামলায় অব্যাহতি পেলেন ঈশানা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে প্রযোজক-অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা এক মামলায় অভিনেত্রী ও বিজ্ঞাপন শিল্পী মৌনিতা খান ঈশানাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর বাদী প্রেমের নারাজি আবেদন খারিজ করে মঙ্গলবার ঈশানাকে অব্যাহতির এ আদেশ দেন।
এ রায়ের ফলে মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে প্রেমের দায়ের করা দুটি মামলার একটি থেকে অব্যাহতি পেলেন ঈশানা।
এর আগে তথ্যপ্রযুক্তি আইনে মামলায় এই অভিনেত্রীকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের ওপর সোমবার সাইবার ট্রাইব্যুনালে শুনানি হয়।
দুই পক্ষের শুনানি ওইদিনই শেষ হলেও বিচারক মঙ্গলবার আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঈশানার আইনজীবী এমদাদুল হক লাল।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, মামলাটি আমলে নেওয়ার উপযুক্ত উপাদান বিদ্যমান না থাকায় নারাজি আবেদন নামঞ্জুর করা হল।
গত ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. নাসির উদ্দিন সরকার।
প্রতিবেদনে মামলাটি সঠিক আইনে করা হয়নি এবং আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ মামলায় ঈশানা গত ২৮ এপ্রিল হাই কোর্টের নির্দেশে মহানগর হাকিম মো. মারুফ হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে তাকে দশ হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছিল।
গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ঈশানার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন প্রেম।
একই ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি প্রেম তার বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলাও দায়ের করেন।
মামলার দুটির এজাহারে বাদী অভিযোগ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেছে। একইসঙ্গে তার নিজস্ব ফেইসবুক অ্যাকাউন্টে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করে, যাতে বাদীর সুনামহানি সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে।
মানহানির মামলায় গত ২২ মার্চ ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা অভিনেত্রী ঈশানাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।
এরপর ৫ এপ্রিল এ মামলায় একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ঈশানা। আদালত উভয় পক্ষের শুনানি গ্রহন করে তাকে পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন দেয়।
২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা। এরপর থেকে তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ।
