২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঁদ্রে মালরোঁ স্মরণে অনুষ্ঠানমালা ‘মালরোঁকে মনে পড়ে’

ফরাসী উপন্যাসিক আঁদ্রে মালরোঁর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে ‘মালরোঁকে মনে পড়ে’ শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠানমালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকার ফরাসি দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অলিয়ঁস ফ্রঁসেজ এর যৌথ ব্যবস্থাপনায় এই তিন দিনের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, প্রদর্শনী এবং সাহিত্য ও চলচ্চিত্র সন্ধ্যা।

২২ নভেম্বর শুরু হতে যাওয়া তিন দিনের এই অনুষ্ঠানমালায় ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একটি ‘ইভেন্ট’ হবে বলে সোমবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সংবাদ সম্মেলন করে জানানো হয়।

এতে বলা হয়, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় একটি সাহিত্য ও চলচ্চিত্র সন্ধ্যার আয়োজন থাকছে ২২ নভেম্বর।

তবে পরদিন ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মূল অনুষ্ঠানটি হবে বলে সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অন্যরা উপস্থিত থাকবেন।

ওইদিন আঁদ্রে মালরোঁর ১৯৭৩ সালের বাংলাদেশ ভ্রমণ নিয়ে অধ্যাপক মাহমুদ শাহ কুরেশির বর্ণনায় একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে।

মালরোঁর এল’এসপয়র বইয়ের অনুবাদক ড. গুরুপদ চক্রবর্তীর আলাপচারিতাও থাকবে দ্বিতীয় দিনের আয়োজনে। মঞ্চস্থ হবে গুরুপদ চক্রবর্তীর অনুবাদ আশা’র নাট্যরূপ থেকে একটি নাটক। পরিচালক অসিম দাশ এতে মালরোঁর বিভিন্ন সময়ের বক্তব্যগুলোকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন। 

১৯৫৯ সালে মালরোকে ফ্রান্সের প্রথম তথ্যমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন চার্লস দ্য গল। গণসংস্কৃতির মুখপাত্র মালরোঁ বিষয়ে একটি গোলটেবিল বৈঠকও আয়োজিত হবে।

আসাদুজ্জামান নূর, মারিও পালমা, অধ্যাপক কায়সার হক, ঢাকা আর্ট সামিটের নাদিয়া সামদানি, মুক্তিযুদ্ধ জাদুঘরের জিয়াউদ্দিন তারিক আলী এবং কথাসাহিত্যিক আনিসুল হক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।

১৯৭১ সালে মালরোঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধে দ্ব্যর্থহীন সমর্থন যুগিয়েছিলেন। শহীদদের সম্মান জানাতে ১৯৭৩ সালেও এসেছিলেন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের প্রতি তার অবদান ঘিরে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।

একাত্তরের সেপ্টেম্বরে মালরোঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক ব্রিগেড গড়তে উচ্চকণ্ঠ ছিলেন। বঙ্গবন্ধু মালরোঁর অবদানকে সম্মান জানিয়ে তাকে ঢাকায় ১৯৭৩ সালে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিলেন।   

২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে শিল্পকলা একাডেমির লবিতে দুটি প্রদর্শনী দেখার সুযোগ থাকবে।

‘ড্রয়িং ফ্রিলি’ নামে একটি প্রদর্শনীতে থাকবে মুক্তির সপক্ষের ১২টি সংবাদ কার্টুন। প্রদর্শনীটি ইনস্টিটিউট ফ্রসেইস এবং কুরিয়ার ইন্টারন্যাশনালের সৌজন্যে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় প্রদর্শনীটির নাম ‘নভেম্বর ইন প্যারিস’। আলোকচিত্রী সুমন ইউসুফ গত বছরের ১৩ নভেম্বর প্যারিস অ্যাটাকের সময় আর্টিস্ট ইন রেসিডেন্সি কার্যক্রমে প্যারিসে ছিলেন। তখনকার দিনগুলো দর্শক দেখতে পাবেন তার ক্যামেরায়।

অনুষ্ঠানমালায় তৃতীয় দিনের আয়োজনটি হবে ২৬ নভেম্বর, চট্টগ্রামে। ওইদিন আলিয়ঁস ফ্রঁসেজ দো চট্টগ্রামে মালরোঁকে নিয়ে থাকবে একটি আলোচনা অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন ।