ঢাকায় ফুটপাতে ট্রাক, চাপা পড়ে নারী নিহত
রাজধানীর পোস্তগোলায় ফুটপাতে উঠে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী এক নারী নিহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িগঙ্গা সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম রোকেয়া বেগম (২৯)। সঙ্গে থাকা তার শিশুকন্যা তানিয়া ও মা কাজল বেগম (৪৬) আহত হয়েছেন। ু
তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
স্বজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোকেয়া বেগম তার মেয়ে ও মাকে নিয়ে বরিশালের গ্রামের বাড়ি থেকে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ তারা তিনজন বেড়াতে বের হয়েছিলেন।”
সেতুর ঢালে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় বলে পুলিশ জানায়।
কদমতলী থানার এসআই আমেনা বেগম জানান, ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
