২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত শাসন: দুই অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদেশ মঙ্গলবার

উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিট আবেদনের বিষয়ে হাই কোর্টের সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

সোমবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে দেয়।

বিচারাঙ্গনে ‘দ্বৈত শাসনের’ বিষয়টি প্রধান বিচারপতি সামনে আনার পর নানামুখী আলোচনার মধ‌্যেই সংবিধানের ওই দুটি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ‌্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ৩ নভেম্বর এই রিট আবেদন করেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আনা চতুর্থ সংশোধনী এবং ২০১১ সালে শেখ হাসিনার সময়ে করা পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৯৫ এর ১ ও ২ এর বি এবং ১১৬ অনুচ্ছেদে আনা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।

আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিট আবেদনে বিবাদী করেন তিনি।

আদালতে ইউনুছ আলী নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ইউনুছ আলীর ভাষ‌্য, বাহাত্তরের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিলে সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান থাকলেও সংসদে কোনো আইন ছাড়াই ৪৫ বছর ধরে বিচারক নিয়োগ দিয়ে আসাও ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করে এই ধারা বাতিল চাওয়া হয়েছে রিট আবেদনে।

>> বর্তমান সংবিধানের ৯৫ এর ১ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করবেন।

>> ৯৫ এর ২ (বি) ধারায় বলা হয়েছে, বাংলাদেশে ন‌্যূনতম দশ বছর কোনো বিচার বিভাগীয় পদে দায়িত্ব পালন না করলে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ‌্য হওয়া যাবে না। 

>> সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।

এসব ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে রুল চেয়েছেন ইউনুছ আলী।

বিচার বিভাগ পৃথকীকরণের নয় বছর পূর্তি উপলক্ষে ৩১ অক্টোবর এক বাণীতে প্রধান বিচারপতি ১১৬ অনুচ্ছেদকে বিচার বিভাগরে ধীরগতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, “দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মত বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটে এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়।”

১৯৭২ সালের সংবিধানে ১১৬ অনুচ্ছেদে বলা ছিল, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মা‌ধ‌্যমে ৭২ এর সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে আনে। কিন্তু ১১৬ অনুচ্ছেদে বাহাত্তরের বিধান আর ফেরেনি; অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলির ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থেকে গেছে। 

এই প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করা ‘সময়ের দাবি’ বলে মত দেন প্রধান বিচারপতি।

এর সঙ্গে দ্বিমত পোষণ করে আইনমন্ত্রী আনিসুল হক পরদিন সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির প্রস্তাব ‘স্ববিরোধী’ এবং ১১৬ অনুচ্ছেদ বদলানোর ‘দরকার নেই’।

এর ব‌্যাখ‌্যায় উচ্চ আদালতের বিচারক অপসারণের বিষয়ে বাহত্তরের সংবিধানের বিধান ফিরিয়ে আনার পর হাই কোর্টের প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আনেন আইনমন্ত্রী।

>> ১৯৭২ সালে মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়।

>> ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু একটি রিট আবেদনে চলতি বছরের ৫ মে হাই কোর্ট ওই সংশোধন অবৈধ ঘোষণা করে। বিষয়টি এখন আপিল বিভাগে আছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন।

আনিসুল হক বলেন, “একদিকে বলা হচ্ছে ওইটা (৯৬ অনুচ্ছেদ) হিস্টরিক্যাল মিসটেক। আবার বলা হচ্ছে ১১৬ অনুচ্ছেদে বাহাত্তরে যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা তো স্ববিরোধী কথা!”

পুরনো খবর:

দ্বৈত শাসন: দুটি অনুচ্ছেদের বৈধতা চ‌্যালেঞ্জ