২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি এলাকার অবৈধ স্ট্যান্ড অপসারণের নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের আওতার মধ্যে গড়ে উঠা অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নুর-উস সাদিক। তাকে সহযোগিতা করেন সাইফুজ্জামান তুহিন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী নুর-উস সাদিক পরে সাংবাদিকদের জানান, মণ্ডলপাড়া থেকে নিতাইগঞ্জসহ বৈধ স্ট্যান্ডের বাইরে অসংখ্য ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে গত বছরের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দেওয়া হয়।

কিন্তু সিটি কর্পোরেশনের নোটিসের জবাব না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদন করেন মেয়র সেলিনা হায়াত আইভী।

ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয় বলে জানান আইনজীবী সাদিক।