‘ফেল মারা’ এলাকায় বিশেষ নজর সাঈদ খোকনের
নির্বাচনে যে সব এলাকায় কম ভোট পেয়েছেন, সেসব এলাকার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার সে রকম একটি এলাকা পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলায় নিজের নামে প্রতিষ্ঠিত ‘মেয়র আলহাজ মোহাম্মদ সাইদ খোকন’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একথা জানান তিনি।
সাঈদ খোকন বলেন, “মেয়র নির্বাচনের সময় গেণ্ডারিয়া এলাকায় আমি ফেল করেছিলাম। পরে বুঝলাম, আমি হয়ত গেণ্ডারিয়ার মানুষের মন জয় করতে পারিনি। তাই তারা আমাকে ভোট দেননি।”
যেসব এলাকায় কম ভোট পেয়েছিলেন, পরবর্তী নির্বাচনে চিত্র বদলাতে সেসব এলাকায় উন্নয়নকাজে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান তিনি।
“নির্বাচিত হওয়ার পর প্রথমেই এসব এলাকায় উন্নয়নের দিকে নজর দিয়েছি। আশা করি, পরের নির্বাচনে একটা ভোট পাব।”
মেয়র বলেন, “আমি চাই গেণ্ডারিয়ায় আমরা একটা নাম থাকুক। তাই কাউন্সিলর এবং কর্মকর্তারা আমার নামে এ সেন্টারের নামকরণের প্রস্তাব করলে আমি রাজি হয়েছি।”
ঢাকা দক্ষিণ সিটির ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা খান মোহাম্মদ বিলাল, সংরক্ষিত নারী কাউন্সিলর রেহানা আক্তার।
কমিউনিটি সেন্টার ছাড়াও এ ভবনটি এলাকাবাসীর বহুবিধ ব্যবহারে আসবে বলে এটির নাম শুধু ‘সেন্টার’ করা হয়েছে বলে জানান মেয়র। পুরো ভবন সম্পূর্ণ ধুমপানমুক্ত রাখার ঘোষণা দেন তিনি।
২০১০ সালে রাজধানীর ধূপখোলা মাঠের উত্তর পাশে এ সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৫০ কাঠা জমিতে এ সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকা। একটি বেইজমেন্ট ফ্লোরসহ কমিউনিটি সেন্টার ভবনটি ৬ তলা। এ সেন্টারে ২৯৬ আসনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত হল রুম রয়েছে। এখানে ৭৩টি গাড়ি রাখার জায়গা রয়েছে। এছাড়া ভবনে কাউন্সিলর কার্যালয়, কম্পিউটার ল্যাব রুম,পাঠাগার, নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি ইনডোর গেমস কক্ষ, ব্যয়ামাগার এবং মাতৃসদন থাকবে।
পুরান ঢাকার নাগরিকদের সমস্যাগুলোর সমাধানে ধীরে ধীরে করার আশ্বাস দেন সাঈদ খোকন।
অনুষ্ঠানে ধূপখোলা মাঠে একটি আধুনিক শিশুপার্ক করার ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র। তিনি জানান, ইতোমধ্যে ডিজাইন ও ড্রইংয়ের কাজ শুরু শেষ হয়েছে। এর কাজও শুরু হয়ে যাবে।
ধূপখোলা মাঠে খেলার জায়গা রেখেও প্রস্তাবিত এ পার্কটি করা সম্ভব বলে জানান মেয়র।
তিনি বলেন, পুরান ঢাকায় শিশুদের বেড়ানো, খেলাধুলার জায়গার খুব অভাব। শিশুপার্কটি তৈরি করা গেলে অবস্থা পাল্টে যাবে।
“এখন পুরান ঢাকার শিশুরাসহ নানা বয়সী মানুষ নতুন ঢাকায় বেড়াতে যায়। ধূপখোলা মাঠের পার্ক চালু হলে নতুন ঢাকার শিশুরা পুরান ঢাকায় বেড়াতে আসবে। এটি হবে দেশের সবচেয়ে আধুনিক পার্ক।”
স্থানীয় শিশুরা সপ্তাহে একদিন বিনামূল্যে এ পার্কে বেড়াতে পারবে বলে জানান সাঈদ খোকন।
