২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন হাসান হাফিজ

সাংবাদিকদের সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চালু করা সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক হাসান হাফিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

দৈনিক আমার দেশ’র ফিচার সাংবাদিক হাসান এই পুরস্কার পেয়েছেন ‘অভিমান মৃত্যু ও পাথর’ শিরোনামের কাব্যগ্রন্থের জন্য।

রোববার সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

পুরস্কার হিসেবে ক্রেস্টের সঙ্গে নগদ ৫০ হাজার টাকা পেয়েছেন তিনি।

‘ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০১৬’-এর জুরি বোর্ডের প্রধান কথাসাহিত্যিক সৈয়দ মনজরুল ইসলাম এবং কবি আসাদ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ সাংবাদিকদের আনন্দের সঙ্গে সাহিত্য চর্চার পরামর্শ দেন।

তিনি বলেন, “পুরস্কার পেতে হলে অনেক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। এই কষ্ট আমরা তখনই করতে পারি যখন কাজের মধ্যে আনন্দ থাকে। আনন্দ না থাকলে কেবল পুরস্কারের জন্য সাহিত্য রচনা সম্ভব নয়।”

পুরস্কারের জন্য ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদকদের এই সংগঠনের ২৭ জন ২০১৬ সালে প্রকাশিত তাদের সাহিত্যকর্ম জমা দিয়েছিলেন।

সৈয়দ মনজরুল হক ডিআরইউকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা মন্তব্য করে বলেন, তিনি এই  সংগঠনের ‘একজন গুণমুগ্ধ’ ।

“ডিআরইউ সাহিত্য পুরস্কারের বিচারক হতে আমি সানন্দে রাজি হয়েছি। জমা দেওয়া বইগুলোর মধ্যে আমি সৃজনশীলতা, মনন ও গভীর অন্তর্দৃষ্টি খুঁজে পেয়েছি। আপনারা বড় লেখক।”

কবি আসাদ চৌধুরী সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, “আমি আশাবাদী ভবিষ্যতে এই পুরস্কার একটি বিশাল সম্মানের জায়গায় উঠে আসবে।”

লেখকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম, জাহিদ নেওয়াজ খান প্রমুখ।