নেতাকর্মীদের মুক্তি দাবি ইউপিডিএফের
উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটক নেতাকর্মী ও নিরপরাধ সাধারণ পাহাড়িদের নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবিতে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আরও কয়েকটি দিবসের কর্মসূচিও ঘোষণা করেন সংগঠনের ঢাকা কমিটির সদস্য মাইকেল চাকমা।
অন্য কর্মসূচির মধ্যে ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবসে আলোচনা, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা ও শোভাযাত্রা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার ঘোষণা দেন তিনি।
মাইকেল চাকমা বলেন, “উজ্জ্বল চাকমাকে মুক্তির পাশাপাশি আটকের সময় নেওয়া পার্টির মেসের মালামাল-টাকা ফেরত প্রদান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ‘১১ দফা নির্দেশনা’ প্রত্যাহার ও ‘উত্তরণ’ তুলে নিতে হবে, রাঙ্গামাটি এসপি কর্তৃক পেশ করা কল্পনা অপহরণ তদন্ত কার্যক্রম নতুনভাবে শুরু ও চিহ্নিত অপহরণকারীকে তার দোসরদেরসহ গ্রেপ্তার করতে হবে।
“গাইবান্ধায় সাঁওতাল জাতিসত্বার ওপর হামলাকরীদের বিচার এবং সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে হিন্দু বসতিতে অগ্নিসংযোগ-লুটপাট, মন্দির ও মূর্তি ভাঙচুরের হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে সাজা প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে হবে।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন ‘নির্যাতনের’ বর্ণনা দিয়ে আদিবাসীদের ন্যূনতম নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) সভানেত্রী মন্টি চাকমা উপস্থিত ছিলেন।
