২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলের পদ নিয়ে রিট আবেদন শুনতে বিব্রত বিচারক

৬৭ বছর বয়স পেরোলেও অ্যাডভোকেট মাহবুবে আলম কোন কর্তৃত্ববলে অ্যাটর্নি জেনারেলের পদে বহাল আছেন তা জানতে রুল চেয়ে করা এক রিট আবেদন শুনতে ব্রিবতবোধ করেছেন হাই কোর্টের একজন বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 02:48 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

আবেদনটি রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর যৌথ বেঞ্চে শুনানির জন্য উঠলে এঘটনা ঘটে।

আদালতে আবেদনের পক্ষে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন; রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

পরে ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, “রিট শুনানিতে ওঠার পর আদালত বলেন- ‘আমাদের মধ্যে একজন ব্রিবতবোধ করেছেন। রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেওয়া হল।’

নিয়ম অনুসারে এখন প্রধান বিচারপতি আবেদনটি শুনতে নতুন বেঞ্চ গঠন করে দেবেন বলে জানান তিনি।

একটি জাতীয় দৈনিকে ‘৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল পদে থাকা নিয়ে বিতর্ক’ শিরোনামে এক প্রতিবেদন যুক্ত করে গত ৯ নভেম্বর হাই কোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ৬৭ বছর বয়স পূর্ণ হয়েছে। আইন সংশ্লিষ্টদের কারও কারও মতে, পরের দিন ১৭ ফেব্রুয়ারি থেকে সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি আর এ্যাটর্নি জেনারেলের পদে থাকতে পারেন না।

আবেদনে বলা হয়, “লিগ্যাল রিমেমব্রান্সার ম্যানুয়াল-১৯৬০ অনুযায়ী অ্যাটর্নিদের পদ দুই বছরের জন্য। কিন্তু দুই বছর আগেও তিন মাসের নোটিশ দিয়ে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। কিন্তু ওই আইন লঙ্ঘন করে প্রায় আট বছর ওই পদে বহাল আছেন তিনি।”

Image
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

অ্যাটর্নি জেনারেল পদটি সাংবিধানিক উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, “সংবিধান মেনে চলা সবারই দায়িত্ব ও কর্তব্য। সাংবিধানিক অন্য সব পদেই নির্ধারিত সময়ের পরে আর কেউ থাকতে পারেন না।”

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করিবেন।

“যেহেতু সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর বয়স পূর্ণ হলেই অবসরে যান। অর্থাৎ এরপর তাদের বিচারক পদে থাকাটা অসাংবিধানিক। একই কারণে ৬৭ বছর অতিক্রান্ত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদে থাকাও অসাংবিধানিক।

সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে কোনো বিচারক ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।

তবে এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “৬৪ অনুচ্ছেদের কেবল শুরুর অংশ না পড়ে পুরোটা পড়তে হবে। এই অনুচ্ছেদের শেষে ৬৪(৪)-তে বলা হয়েছে, রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন।”

আইনজীবীদের কারো কারো মতে, এই সময়সীমা বলতে বুঝানো হয়েছে, রাষ্ট্রপতি যখন অ্যাটর্নি জেনারেলের কাজে সন্তষ্ট থাকবেন না, তখনই তাকে অপসারণ করতে পারবেন। অর্থাৎ সাংবিধানিক অন্য কোনো পদের মতো এখানে তিন বছর বা পাঁচ বছর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।

অন্যপক্ষের মতে, এর অর্থ এই নয় যে, রাষ্ট্রপতি অসন্তুষ্ট না হলে, সুপ্রিম কোর্টের বিচারক থাকার যোগ্যতা হারালেও তিনি পদে বহাল থাকতে পারবেন।

জানতে চাইলে অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে কারও সংশয় থাকলে তার তো আদালতে যাওয়ার সুযোগ আছেই। ”