২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালদের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ার পাঁয়তারা: বারকাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা ‘পরিত্যক্ত’ জমি সাঁওতালসহ অন্য মালিকদের ফিরিয়ে না দেওয়ার পাঁয়তারার অংশ হিসেবে সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থনীতির অধ্যাপক ড. আবুল বারকাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 08:17 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

ওই জমিতে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে তিন সাঁওতালের মুত্যুর সুষ্ঠু বিচারসহ ৭ দফা দাবি জানাতে শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

অধ্যাপক বারকাত বলেন, “গতবছর এখানে তারা স্পেশাল ইকনমিক জোন বানানোর প্রস্তাব নিয়ে আসছেন। যেন কোনোভাবেই আদিবাসীদের জমি-সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রশ্ন না ওঠে।

“স্পেশাল ইকনমিক জোনের অথরিটির অফিস কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এটা নিয়ে আসেন। এর মানে হল এই যে, প্রসেসটা ডিলে করে নতুন কাযদা-কানুন করা যায় কি না, যেন কোনোদিনও আর এই জমির কথা না বলে।”

৬ ও ৭ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিন সাঁওতালের মৃত্যু এবং অন্তত ২০ জন আহত হওয়ার খবর জানা গেছে।

১৯৬২ সালের ৭ জুলাই সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

সংঘর্ষের পর ১৩ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ফিরে এই সংবাদ সম্মেলন করে সচেতন নাগরিকবৃন্দ।

তৎকালীন প্রাদেশিক সরকার ও সুগার মিল কর্তৃপক্ষের মধ্যে ওই চুক্তির বরাত দিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, “সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, আখ চাষের জন্য এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। যদি ভবিষ্যতে কখনও আখ চাষ না হয় অথবা আখ ব্যতীত অন্য কিছু হয়, তবে এই জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ জমি পূর্বাবস্থায় ফিরে যাবে।”

ওই জমি মালিকদের ফেরত দেওয়ার পক্ষে যুক্তি এবছর ১০ মে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের পাঠানো চিঠির (স্মারক নং: ০৫.৫৫.৩২০০.০২৩.১৬.০২৭.১৫-২৩৩(৩) কথা তুলে ধরেন তিনি।

“গাইবান্ধা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুর মৌজার খতিয়ান নং ০২, সাপমারা মৌজার খতিয়ান নং ০২, চকরহিমপুর মৌচার খতিয়ান নং ০২, নরেঙ্গাবাদ মৌজার খতিয়ান নং ০২, মাদারপুর মৌজার খতিয়ান নং ০২, সর্বমোট জমির পরিমাণ ১, ৮৩২.২৭ একর যা মহিমাগঞ্জ সুগার মিলের অব্যবহৃত, পরিত্যক্ত রয়েছে। মহিমাগঞ্জ সুগারমিলের অব্যবহৃত ও পরিত্যক্ত জমি হওয়ায় ভূমি অধিগ্রহণের প্রয়োজন নেই।”

কিন্তু ওই জমি ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু হওয়ায় এখন ‘সরকারের মন্ত্রী ও সচিবরা বলছেন, মিল চালু আছে, আখ চাষ হচ্ছে’, যেগুলো আদৌ সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।

আবুল বারকাত বলেন, “জেলা প্রশাসকের চিঠিতে ‘সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ সমর্থন দিয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে। অথচ এখানে সংগ্রাম কমিটি অনেক আগে থেকে আপত্তি জানিয়ে এসেছেন।

“এই ধরনের রিপোর্টের ফলে তিন সাঁওতালকে জীবন দিতে হলো। দেশ-বিদেশে দেশের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি হল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষক দাবি করেন, সাঁওতালদের ওই জমি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মৌলিক সাতটি পূর্বশর্ত পূরণ করে না।

এর মধ্যে প্রধান তিনটা শর্ত- তিন ফসলি জমি হতে পারবে না, ১০ কিলোমিটারের মধ্যে জাতীয় মহাসড়ক থাকতে হবে ও কাছাকাছি নাব্য নদীপথ থাকতে হবে।

আবুল বারকাত বলেন, “গাইবান্ধার ওই জমি তিন ফসলি, সেখানে ৪০ কিলোমিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে নাই এবং নাব্যতাসহ কোনো নদীপথও নাই।”

সাঁওতাল ও অন্যান্য জনগোষ্ঠীর ওই জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা থেকে সরকারকে আসার আহ্বান জানান আবুল বারাকাত।

“আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানাব, এখানে কোনো স্পেশাল ইকোনমিক জোন হবে না, হতে পারে না।”

বাগদা সরেনের নামে ‘সাহেবগঞ্জ-বাগদা ফার্ম’

রংপুর চিনিকলের অধিগ্রহণ করা ওই জমি সাঁওতালদের ছিল না বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সরকারপক্ষের দাবি খণ্ডন করে সংবাদ সম্মেলনে এর পক্ষে তথ্য তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বলা হয় বলেন, “সরকারের মন্ত্রী, সচিব থেকে শুরু করে অনেকে মিডিয়ার সামনে বলেছেন এই জমি সাঁওতালদের ছিল না। এটি সম্পূর্ণ অসত্য ও জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল।

“আমরা যে কথাটা বলতে চাই, তা হলো, এই জমি ছিল সাঁওতালদের এবং স্থানীয় দরিদ্র মানুষের বাপ-দাদার। আমরা এই জমির খতিয়ান পেয়েছি। তাতে দুদু মাঝি, দুর্গা মাঝি, জলপা মাঝি, জেঠা কিসকু, মঙ্গলা মাঝি, মুংলি, ছারো মাঝি, সুকু মাঝি- এই সব অনেক নাম পেয়েছি, যাদের জমি ছিল এই বাগদাফার্মের মধ্যে।

আবুল বারকাত বলেন, “শিল্পমন্ত্রী বললেন, কখনোই এ জমি সাঁওতালদের ছিল না। আরে মিয়া, জায়গার নাম সাহেবগঞ্জ বাগদাফার্ম। ফার্ম শব্দটা এসেছে ২২ বছর আগে। সাহেবগঞ্জ এসেছে ৫০ বছর আগে। মূল জায়গার নাম হচ্ছে বাগদা। বাগদা কে? বাগদা সরেন।”

গত তিন প্রজন্মের সাঁওতালরা সাড়ে তিন লাখ বিঘা জমি হারিয়েছে বলে তথ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, “আপনারা প্রথমে ইতিহাসের ঐতিহ্য-সংস্কৃতি পাল্টান, তারপর জমি দখল করেন, পরে আস্তে আস্তে বলেন কিচ্ছু নাই। ওদের ছিল না কখনও। কার ছিল? নাম বলেন কার ছিল?

“আমার কাছে জমির দলিল আছে- ওই অধিগ্রহণের কারণেই মৌজা-খতিয়ানের নামের পাশে মানুষের নাম লিখতে হয়েছে। ওই মানুষের নামরে শতকরা ৭৫ ভাগ হচ্ছে আদিবাসী। তাই কমপক্ষে ৭৫ ভাগ জমি হচ্ছে আদিবাসীদের।”

৬২ সালের অধিগ্রহণের দলিলে সাঁওতাল, ওঁরাও, হুল ও অন্যান্য, বাঙালি আলাদা করে লেখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতারণার শিকার আদিবাসীরা

সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, বিগত ৩০০ বছরের ইতিহাসের কথা যদি বলি তাহলে সে ইতিহাস বলছে, “আদিবাসীদের সাথে রাষ্ট্র সবসময়ই প্রতারণা করেছে।অর্থনীতি শাস্ত্রের মহাগুরু ইউলিয়াম পেটি বলেছিলেন ‘সম্পদের পিতা হলো জমি, শ্রম হলো মা।’

“তাই পিতাকে যদি দখল করা যায় তাহলে তো সবাই শ্রমিক। এটি ক্ল্যাসিক্যাল একটি পদ্ধতি। এই ক্ল্যাসিক্যাল পদ্ধতিতে কেউ টার্গেটেড হবেন আগে, কেউ পরে।যখনই এ ধরনের ঘটনা যখনই ঘটে, সরকার চোখ বন্ধ করে থাকে।”

পুলিশ নির্বিচারে গুলি করে তিন সাঁওতালকে হত্যা করেছে অভিযোগ করে ড. বারকাত বলেন, “আদিবাসীরা সৎ। এ জন্য তারা তীরের ডগায় বিশেষ কিছু ব্যবহার করেনি।ব্যবহার করলে যারা তীরবিদ্ধ হয়েছে, তারা সবাই মারা যেত।

“আহত ব্যক্তিদের মধ্যে কেউ মারা গেছে কি না, তা জানা যায়নি।”

যারা সাঁওতালদের ওপর হামলা করেছে, বাড়িঘর পুড়িয়েছে তাদের ‘রাজাকার, আলবদর, আল শামসের’ সঙ্গে তুলনা করে তাদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপের সভাপতি ও আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা পংকজ ভট্টাচার্য বলেন, “আমি ব্যক্তিগতভাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে বলেছি, এর সমাধান চাই। জবাবে তিনি বলেছেন, ‘আমি সাঁওতালদের উচ্ছেদ চাই।”

“তার কণ্ঠে আইয়ুব খানের কণ্ঠস্বর শুনেছি। এটা সাম্প্রদায়িক দম্ভোক্তি। বঙ্গবন্ধুর দলের সরকারের এ ধরনের দম্ভোক্তি শোভা পায় না। প্রশাসনের যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের বরখাস্ত না, শাস্তি দাবি করছি।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিন সাঁওতালের মুত্যুর সুষ্ঠু বিচার, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়াসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।

অন্য দাবির মধ্যে রয়েছে- মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর‌্যন্ত আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব সরকারকে বহন করা, সংঘর্ষের ঘটনায় আদিবাসীদের নামে সকল মামলা তুলে নেওয়া, আদিবাসীদের প্রতিষ্ঠা করা ফুলমনি মুরমু শিশু শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সরকারি খরচে নির্মাণ করা এবং ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকে প্রত্যাহার করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির ও ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ এসময় উপস্থিত ছিলেন।