২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা দ্রুত দখলমুক্ত করতে চাই আলাদিনের চেরাগ: মেয়র

বুড়িগঙ্গাকে দখলমুক্ত করার পথে চ্যালেঞ্জের কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এই নদী ঘিরে বিভিন্ন সংস্থা কাজ করছে বলে এটাকে রাতারাতি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার দৈনিক সমকালের আয়োজনে নদী বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, “বুড়িগঙ্গার পানি একটা সংস্থার, তলদেশ সেটা ভিন্ন সংস্থার, বুড়িগঙ্গার পাড় একটা সংস্থার, পাশের রাস্তা আরেকটি সংস্থার।

এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতার কথা তুলে ধরে ঢাকার প্রাণ এই বুড়িগঙ্গা দখলমুক্ত করতে একটা সমন্বিত কর্তৃপক্ষ গঠনের উপর জোর দেন সাঈদ খোকন।

এর আগে সমকালের সহকারী সম্পাদক সুমন্ত আসলাম সভায় বলেন, মেয়র চাইলে দু ঘণ্টায় বুড়িগঙ্গা দখলমুক্ত করতে পারেন।

এর জবাবে সাঈদ খোকন বলেন, “দুঘণ্টার মধ্যে বুড়িগঙ্গা দখলমুক্ত আমার একটা আলাদিনের চেরাগ চাই। ঘষা দিলে দৈত্য আসবে, আমি বলব, বুড়িগঙ্গা ক্লিন করে দাও। সে ক্লিন করে দেবে।

“তবে আস্তে আস্তে আমরা পদক্ষেপ নিচ্ছি। হয়তো একটু সময় লাগবে। কিন্তু এক সময় বুড়িগঙ্গার পরিবেশ ভালো হবে।”

ঢাকা দক্ষিণের মেয়র জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বাবুবাজার থেকে সদরঘাট পর্যন্ত বুড়িগঙ্গার পাড় রক্ষায় একটি পাইলট প্রকল্পের কাজ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। তখন ওই অংশে নদীর পাড় দখলমুক্ত হবে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত বিভাগীয় নদী অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে নদীকে অবশ্যই বাঁচাতে হবে। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে নদী সম্পর্কে আরও বেশি জানার, নদী রক্ষায় উদ্যোগী হতে হবে।

“নদী সম্পর্কে আমাদের আবেগ, ধারণা খুবই কম। এজন্য আমরা নদী রক্ষায় উদাসীন।”

বুড়িগঙ্গার পরিবেশ নষ্ট করার জন্য হাজারীবাগের ট্যানারিগুলোকে দায়ী করে অনুষ্ঠানে বক্তব্য দেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “আজকে একটি অনুষ্ঠানে দেখলাম সরকারের একজন প্রতিনিধিকে ট্যানারি মালিকরা দেখাচ্ছিলেন আগামী পাঁচ বছরে তারা পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় করবেন।

“এতো টাকা তারা আয় করেন কিন্তু তারা তাদের বর্জ্য শোধনাগার বসাতে পারেন না; নিজেরা স্থানান্তর করতে পারেন না। তারা বাড়ি বানাবে, বাথরুম বানিয়ে দেবে সরকার- আমাদের টাকায়!”

চামড়া শিল্প সাভারে নেওয়ার পর নদী দূষণ কমা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “সাভার উজানে হওয়ার কারণে সেখানে পরিবেশ দূষণ ঠিকমতো নিয়ন্ত্রণ না করা হলে ঢাকার আশপাশের ৬টি নদীই দূষিত হয়ে যাবে।”

পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, নদী কমিশন ও সব ধরনের আইন থাকার পরও ঢাকার মানুষ ঢাকার নদীর পানি খেতে পারে না।

অনুষ্ঠানে জাতীয় নদীরক্ষা কমিশনের পরিচালক শারমীন মুরশিদ, অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের পরিচালক ড. মাহবুবা নাসরিন ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বক্তব্য রাখেন।

বাংলাদেশের তরুণদের মধ্যে নদী নিয়ে ধারণা ও আগ্রহ তৈরি করতে নদী অলিম্পিয়াডের আয়োজন করছে রিভারাইন পিপল। এতে সহায়তা দিচ্ছে দৈনিক সমকাল।