২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে যারা দস্যুবৃত্তি করতে চায়, তারা আন্দোলনে ভীত: আনু মুহাম্মদ

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মাধ্যমে একটি গোষ্ঠী সেখানে দস্যুবৃত্তি করতে চায় অভিযোগ করে তাদের আন্দোলনে সেই গোষ্ঠী ও সরকার ভীত বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 12:18 AM

Updated : 20 Aug 2022, 02:17 PM

ভীত সরকার রামপালবিরোধী আন্দোলনকারীদের নজরদারির মধ্যে রাখার পরিকল্পনা নিতে যাচ্ছে বলেও খবর পাওয়ার দাবি করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রামপাল প্রকল্পের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের আহ্বানে আয়োজিত ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’র এক সমাবেশে এসব কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক।

আনু মুহাম্মদ বলেন, “রামপালবিরোধী আন্দোলনে সরকার ও যারা রামপালে দস্যুবৃত্তি করতে চায় তারা ভীতসন্ত্রস্ত। খবর পেলাম, বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সভায় রামপালের প্রকল্প বাস্তবায়ন করতে তারা ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম করবে।

“তারা গান, নাটক করবেন, আরও বিজ্ঞাপন বানাবেন। যারা রামপালবিরোধী আন্দোলনে আছে তাদের নজরদারির মধ্যে রাখবেন।”

আগামী ২৪ নভেম্বর থেকে ‘চলো চলো ঢাকা চলো’ ও ২৬ নভেম্বর জাতীয় শহীদ মিনারের রামপালবিরোধী ‘মহাপ্রাণের সমাবেশ’ সফল করার আহ্বান জানান তিনি।

জাতীয় তেল-গ্যাস কমিটির এই নেতা রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে সরকারের পাল্টা তৎপরতার পাশাপাশি আন্দোলকারীদের ওপর হামলার অভিযোগ আনেন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের বিরুদ্ধে।

আনু মুহাম্মদ বলেন, “আজকে শুধুমাত্র পাল্টা তৎপরতা নয়, হামলাও হচ্ছে আন্দোলনকারীদের ওপর। সরকারি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করছে।

“আমরা একদিকে শুনি প্রধানমন্ত্রী তাদের (ছাত্রলীগকে) লেখাপড়া করতে বলেন। আরেকদিকে তাদের কাছে খবর যায় রামপালবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করার জন্য। এরকম প্রতারণা আমরা দেখে আসছি।”

প্রধানমন্ত্রীর সমালোচন করে তিনি বলেন, “দেশের বাইরে গিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে হাহাকার। অথচ জলবায়ু পরিবর্তন মোকাবেলার সবচেয়ে শক্তিশালী যে অবলম্বন, সেই সুন্দরবন ধ্বংস করার আয়োজন করছেন। এগুলো আমরা সবই দেখে আসছি এবং মোকাবেলা করে আসছি।

“একদিকে সংখ্যালঘুদের জন্য কান্নাকাটি অন্যদিকে বনগ্রাস; ভূমিগ্রাসীদের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে তাদের ওপর আক্রমণ চালাতে, তাদের জায়গা-জমি দখল করতে। সরকারের উন্নয়ন দর্শন বৈচিত্র্য চেনে না। প্রাণের শক্তি বোঝে না। মানুষ, ধর্ম, জাতির বৈচিত্র বোঝার ক্ষমতা তাদের নেই। সুন্দরবনের গুরুত্ব বোঝার ক্ষমতা নেই। দেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কোনো উদ্বেগ নেই।”

রামপালবিরোধী আন্দোলন মহাপ্রাণ রক্ষার লড়াই মন্তব্য করে এতে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করে আনু মুহাম্মদ।

তিনি বলেন, “যে কাজ সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি ও বিভিন্ন সংগঠনের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে করছে, সেই কাজ সরকারের করতে কোটি টাকা লাগবে। আমাদের টাকার দরকার নেই। এ লড়াই প্রাণের সাথে টাকার লড়াই।  প্রাণের সাথে ক্ষমতার লড়াই, প্রাণের সাথে দস্যুর লড়াই। দস্যুবৃত্তির বিরুদ্ধে মানুষের লড়াই।”

রামপালবিরোধী আন্দোলনকে ‘সুন্দরবন রক্ষার আন্দোলন’ অভিহিত করে এতে বিজয় ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাপ্রাণ সমাবেশ’ সফল করার আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, “মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে হবে। মহাপ্রাণের সাথে যদি সর্বপ্রাণ যুক্ত হয় সে প্রাণকে অর্থ, পুজিঁ বা সন্ত্রাসী দিয়ে পরাজিত করা যাবে না। অবশ্যই আমাদের বিজয় হবে।”

আগামী ২৪ ও ২৬ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে বেলা ২টা থেকে সাংস্কৃতিক সমাবেশ শুরু করে রামপালবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’। সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, ব্যক্তি, কবি প্রতিবাদী গান, নাটক, কবিতা পরিবেশন করে। পাশাপাশি চলে সুন্দরবন ও রামপালবিরোধী আলোকচিত্র প্রদর্শনী। চলে রামপালবিরোধী লিফলেট বিতরণ।

বাঘ, কুমির, পেঁচা, প্রজাপতিসহ বিভন্ন পশু-পাখির মুখোশ পড়ে অনেকেই অংশ নেয় সমাবেশে। সন্ধ্যার আগে সমাবেশের বিরতি দিয়ে শুরু হয় গানের মিছিল। জাতীয় সঙ্গীত ও প্রতিবাদী গান গাইতে গাইতে আন্দোলনকারীরা মিছিলে অংশ নেয়। মিছিলটি টিএসি ঘুরে সমাবেশ স্থলেই এসে শেষ হয়। ফের শুরু হয় সাংস্কৃতিক সমাবেশ।

তার আগে লালকার্ড উঁচিয়ে ধরে রামপাল চুক্তির প্রতিবাদ জানানো হয়। রাত ৮টায় শেষ হয় সমাবেশ।