শিল্পকলায় রাধারমণ সঙ্গীত উৎসব শুরু
‘কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া’, ‘ভ্রমর কইয়ো গিয়া’-এরকম বহু জনপ্রিয় গানের স্রষ্টা রাধারমন গুপ্তের স্মরণে ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সঙ্গীত উৎসব।
রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “রাধারমণ সিলেটের ভাটি অঞ্চলের কবি-গায়ক। আমার নানার বাড়ির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার ‘বড় আব্বা’ রাধারমণের বাড়ি যেতেন, রাধারমণ নিজেও তার বাড়িতে আসতেন, গানের আসর হতো সবাই মিলে।
“ঢাকায় রাধারমণকে পরিচিত করেন আমার বন্ধু প্রয়াত মৃদুল চক্রবর্তী। রাধারমণের ধর্ম ছিল মানবতার ধর্ম। তিনি তার গানে মানুষ হওয়ার বার্তা দিয়ে গেছেন।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও সংগীত শিল্পী আকরামুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে ‘স্মৃতিসত্তায় রাধারমণ’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
সাংস্কৃতিক পরিবেশনার পর্বে শাহনাজ বেলী শোনান ‘যুগল মিলন হইলো গো’ ও ‘পিরিতি বিষম জ্বালা’। অনিমা মুক্তি কণ্ঠে শোনা যায় ‘আমার গলার হার খুলে নে’ এবং ‘বলো গো বলো গো সখি’।
এছাড়া একক গান শোনান আবু বকর সিদ্দীক, বিশ্বজিৎ রায়, সন্দীপন, বদরুন্নেসা ডালিয়া, নারায়ণচন্দ্র শীল, খায়রুল ইসলাম, দিবাকর বিশ্বাস, আব্দুস সালাম, সৃজ্যোতি রায়, গোলাম মোস্তফা, ডা. দিলশাদ বেগম ও স্বপন। দলীয় সংগীত পরিবেশন করে লোকাঙ্গণ। দীপা খন্দকারের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য। আবৃত্তি শোনান রূপা চক্রবর্তী।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শুরু হবে উৎসব। গান গাইবে সিলেটের জগন্নাথপুর ও সুনামগঞ্জের শিল্পীরা।
রাধারমণ দত্ত পুরকায়স্থ ১৮৩৩ সালে শ্রীহট্টে (বর্তমানে সিলেট) জন্মগ্রহণ করেন। বৈঞ্চব বাউল ও ধামাইল নৃত্য-গীতের প্রবর্তক তিনি।
দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন তিনি।
তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে, ‘কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া’, ‘ভ্রমর কইয়ো গিয়া’, ‘শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে’, ‘প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে’, ‘মান ভাঙ রাই কমলিনি চাও গো নয়ন তুলিয়া’, ‘আমারে আসিবার কথা কইয়া মান করে রাই’, ‘আমার বন্ধু দয়াময়’ ইত্যাদি।
১৯১৫ সালে মারা যান রাধারমন।
