২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদির মামলায় দুদকের আপিল, জামিন স্থগিতের আবেদন

দুর্নীতি মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজারে ক্ষমতাসীন দলের সংসদ সদস‌্য আব্দুর রহমান বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 01:52 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

একই মামলায় হাই কোর্ট থেকে বদিকে দেওয়া জামিন স্থগিতের জন‌্যও কমিশনের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।   

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বৃহস্পতিবার এই দুই আবেদন করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ঢাকার বিশেষ জজ আদালত গত ২ নভেম্বর এ মামলার রায়ে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে আসামি বদিকে খালাস দেয়। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

ওই রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাই কোর্টে আপিল করেন বদি। তার আইনজীবীরা বুধবার আপিল আবেদন আদালতে উপস্থাপনের সময় জামিন ও অর্থদণ্ড মওকুফের আবেদন করেন।

শুনানির পর বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ আপিল শুনানির জন‌্য গ্রহণ করে বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।

ওই জামিন স্থগিত চেয়েই বৃহস্পতিবার সপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় সাংসদ বদীর বিরুদ্ধে এ মামলা করেন। তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ২০১৫ সালের ৭ মে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বদির ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়। বলা হয়, তিনি দুদকের কাছে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

পুরনো খবর:

দণ্ডিত বদির জামিন, জরিমানাও স্থগিত
সাজার বিরুদ্ধে বদির আপিল
দুর্নীতির দায়ে সাংসদ বদির কারাদণ্ড