সাজার বিরুদ্ধে বদির আপিল
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছেন কক্সবাজারে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
তার আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালাস চেয়ে আপিল করেছি। একইসঙ্গে নিম্ন আদালত যে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে যে সাজা দিয়েছে, সেটিও মওকুফ চাওয়া হয়েছে।”
দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আবু আহমদ জমাদারের দেওয়া রায়ে আওয়ামী লীগ সংসদ সদস্য বদিকে ৩ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও তিন মাস কারাভোগ করতে হবে তাকে।
বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয় বলে আইনজীবী নাসরিন জানান।
তিনি বলেন, “আজকে (মঙ্গলবার) দুদককে কপি সরবরাহ করেছি। যেহেতু আমরা উনার (বদির) জামিন চাইব, নিয়ম হচ্ছে দুদককে কপি সার্ভ করে ইনফর্ম করা।”
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের এই জনপ্রতিনিধির বিরুদ্ধে দুদকের মামলায় ২০১৪ সালের ২১ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল।
অভিযোগপত্রে আসামি বদির বিরুদ্ধে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপনের পাশাপাশি ঘোষিত আয়ের বাইরে অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছিল।
অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ থেকে আদালত বদিকে খালাস দিলেও তথ্য গোপনের অভিযোগ এড়াতে পারেননি তিনি।
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হয়ে দুর্নীতির মামলার সাজা হওয়া বাংলাদেশে বিরল।
