২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ‘বাতিঘরকে’ স্মরণ

প্রয়াত চার ব্যক্তিত্ব কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, কাজী আবু জাফর সিদ্দিকী ও সাংবাদিক বেবী মওদুদকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ‘বাতিঘর’ বলে অভিহিত করলেন  সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 10:56 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ তথা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ‘ব্রতী’ হয়ে তারা নিরন্তর অবদান রেখে গেছেন বলে এক স্মরণ সভায় উঠে এসেছে।

বুধবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্মরণীয় বরণীয়’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। এতে সভাপতিত্ব করেন ভাষা সংগ্রামী সাবির আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি গোলাম কুদ্দুছ বলেন, “চারজনের মধ্যে একটি গভীর মিল দেখতে পাই।  তারা সবাই মুক্তিযুদ্ধের আদর্শের চেতনায় উজ্জীবিত। এই চার ব্যক্তিত্বের শারীরিক উপস্থিতি বা লেখনী আমাদের মুক্তিযুদ্ধকে নানাভাবে ত্বরাণ্বিত করেছে । পঁচাত্তর পরবর্তী সময়ে প্রতিটি আন্দোলন, সংগ্রামে তারা ছিলেন বাতিঘর হয়ে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, সাংসদ ও কবি কাজী রোজী, লেখক-গবেষক কামরুল ইসলাম, ভারতের আগরতলা থেকে আসা দুই কবি দেবব্রত দেবরায় ও রতন আচার্য্য, পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতিও সভায় বক্তব্য রাখেন। আরও ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

আলোচনার সভার শুরুতে সহপাঠী ও ‘রাজনৈতিক জীবনের সহযোদ্ধা’ লেখক-কবি-নারী আন্দোলনের অন্যতম পুরোধা  সাংবাদিক বেবী মওদুদকে স্মরণ করেন নূহ উল আলম লেনিন।

তিনি বলেন, “১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আমরা ছাত্র ইউনিয়ন করতাম, তখন থেকেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু তারপর বন্ধুত্ব ও সৌজন্যবোধে কোনো ঘাটতি ছিল না ।

“বঙ্গবন্ধুর ডাকে আমরা একসঙ্গে যুদ্ধে গেলাম, স্বাধীনতার পর জাতি পুনর্গঠনের কাজে একসাথে লড়াই করেছি।”

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর তার সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী বেবী মওদুদের ঘনিষ্ঠতার কথাও তুলে ধরেন লেনিন।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা, নারী সাংবাদিকতাকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকার জন্য বেবী মওদুদের ভূয়সী করে তিনি বলেন, “দেশের নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে হোক কিংবা লেখক হিসেবে হোক তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

স্মরণসভায় যোগ দিয়ে ত্রিপুরার গবেষক লেখক দেবব্রত রায় তার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর জীবনের স্মরণীয় ঘটনা’ গ্রন্থ দুটি লেখার ক্ষেত্রে বেবী মওদুদের প্রতি তার ‘ঋণ’ স্বীকার করেন।

“আমি তখন বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে প্রাঞ্জলভাবে তুলে ধরা যায়- তার ছক কষছি, তখন বেবী মওদুদের লেখা নানা বই আমাকে দারুণভাবে সাহায্য করেছে। সরাসরি দেখায় হোক কিংবা ফোনে তিনি আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।”

দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের উত্থানের প্রেক্ষাপটে এখন কবি শামসুর রাহমানের আদর্শ চর্চায় গুরুত্বারোপ করেন কবি প্রাবন্ধিক কামরুল ইসলাম। বাহান্নোর ভাষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের প্রেক্ষাপট, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক লড়াইয়ে শামসুর রাহমানের নানা অবদানের কথা উল্লেখ করেন তিনি।

“কবি শামসুর রাহমান গণমানুষের কবি, তিনি আমাদের চেতনার কবি। আজ গণতান্ত্রিক লড়াই, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ে তার কবিতা আমাদের নিরন্তর লড়াই করতে শেখায়।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এই কবিকে নিয়ে বলেন, “বাঙালির সাংস্কৃতিক বোধের চেতনাকে তিনি শুধু ভাবনার মধ্যেই রাখেননি, তার প্রতিটি লেখনি, কর্মে তিনি তা ফুটিয়ে তুলেছেন।  তার উপর হামলার পরও তিনি পিছপা হননি। তিনি আমাদের স্বাধীনতার কবি, নগর জীবনের কবি। তার কবিতাগুলো কেবল কবিতা নয়, প্রতিটি কবিতাই হয়ে উঠেছে একেকটি আন্দোলন।”

সৈয়দ শামসুল হককে বাংলা ভাষা ও সাহিত্যের ‘শ্রেষ্ঠ মানুষ’ অভিহিত করে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর ’৭৬ সালে তিনি ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে তুলে ধরলেন স্বাধীনতাবিরোধীদের নির্মমতা আর বর্বরতার কথা, সেই খুনি-ধর্ষকদের কথা। একবার ভেবে দেখুন তো সেই সময়ের কথা, যে সময়ে রাষ্ট্র ক্ষমতায় চড়ে বসেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি।”

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি বলেন, “তার সময়েই বাংলাদেশ টেলিভিশন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে কাজ করতে শুরু করে। ক্যান্সার বাসা বেঁধেছিল তার শরীরে, তবুও নিজের কাজ থেকে একটুও বিচ্যুত হননি তিনি।”

কবি অমৃত মাইতি ও  ও রতন আচার্য্য জানান, কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, কাজী আবু জাফর সিদ্দিকী ও বেবী মওদুদ -তারা সবাই তাদের রাজ্য পশ্চিমবঙ্গে ‘ভীষণ জনপ্রিয়’। সৈয়দ হকের মৃত্যুতে তাদের সাহিত্য অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। নাগরিক স্মরণসভারও আয়োজন করেছিলেন তারা।

অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার বদরুল আহসান খান ও কাজী মদিনা।