২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদির সংসদ সদস‌্যপদ থাকছে: নির্বাচন কমিশনার মোবারক

ফৌজদারি মামলায় কারাদণ্ডে দণ্ডিত ক্ষমতাসীন দলের আব্দুর রহমান বদির সংসদ সদস্য পদ নেই বলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী দাবি করলেও ভিন্নমত জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

সুলাইমান নিলয়

মঈনুল হক চৌধুরী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

দুর্নীতির মামলার বদির আপিলে অর্থদণ্ড স্থগিত হলেও কারাদণ্ডের ক্ষেত্রে তা না হওয়ায় তার সংসদ সদস‌্যপদ বহাল নেই বলে দাবি করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সংসদ সদস‌্য পদ বহাল থাকবে বলে মনে করে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদও একই মত পোষণ করেন।

সম্পদের তথ‌্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস‌্য বদিকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার রায় গত ২ নভেম্বর দেয় ঢাকার জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে বুধবার জামিন পান আওয়ামী লীগের এই সংসদ সদস‌্য। সেই সঙ্গে তার অর্থদণ্ডের আদেশও স্থগিত করে উচ্চ আদালত।   

এরপর দুদকের আইনজীবী খুরশীদ সাংবাদিকদের বলেন, জামিন পেলেও দণ্ডিত বদির সংসদ সদস্য পদ আর নেই।

“সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী বদি সাহেব আর সংসদ সদস্য নেই। কারণ উনার জরিমানা স্থগিত হয়েছে, সাজা স্থগিত হয়নি। তাই সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বলা যাবে না উনি সংসদ সদস্য আছেন।”

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফার ঘ উপদফায় বলা আছে, ‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি “তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দু বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে”।

নির্বাচন কমিশনার মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধান ও নির্বাচনী আইনে কারও সদস‌্য পদ শূন‌্য হলে সে বিষয়ে সংসদের নির্দেশনা পেলে কমিশন ব‌্যবস্থা নেবে।

তার বক্তব‌্য, আপিলে তিন বছরের সাজা বহাল থাকলে সংসদ পদ বাতিলের বিষয়টি চূড়ান্ত হবে। কারও সংসদ সদস্য পদ নিয়ে বিরোধ হলে তা সংসদই নিষ্পত্তি করবে। স্পিকার এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানালে পরবর্তী ব্যবস্থা নেবে ইসি সচিবালয়।

“আপিল নিষ্পত্তি না হওয়ায় এ মুহূর্তে বদির সদস্য পদ থাকবে। ভারতীয় আইনে সাজা বাতিল না হওয়া পর্যন্ত সদস্য পদ না থাকলেও বাংলাদেশে তা প্রযোজ্য নয়।”

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের আলোকে ২০০১ সালে হাই কোর্টে থাকাকালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জনতা টাওয়ার দুর্নীতির মামলায় রায় দেন যে ‘আপিল করলেও দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা বাতিল না হওয়া পর্যন্ত সংসদের সদস্যপদ থাকবে না।’

Image
আবদুল মোবারক (ফাইল ছবি)

আবদুল মোবারক (ফাইল ছবি)

আইন কমিশনের সাবেক সদস‌্য মোবারক বলেন, ভারতীয় আইনে সাজা বাতিল না হওয়া পর্যন্ত পার্লামেন্ট সদস্য পদ থাকে না।

“কেউ আপিল করলেও ব্যক্তির সাজা বাতিল না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদ থাকবে না- ভারতে এমন রায় হাই কোর্ট দিয়েছিল, তা সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। সে ক্ষেত্রে খালাস না হওয়া পর্যন্ত সদস্য পদ থাকবে না বলেছে সুপ্রিম কোর্ট। খালাস পেলে পূর্ববর্তী সময় থেকে সদস্য পদ বহালের কথা বলেছে ভারতীয় সর্বোচ্চ আদালত।”

বাংলাদেশে সে রকম কোনো বিধান নেই বলে জানান এই নির্বাচন কমিশনার।

হাই কোর্টে নিজের দেওয়া রায়ের বিষয়ে বুধবার জানতে চাইলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যা বলার রায়ে বলেছি।”

এবিষয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট ইতোমধ‌্যে এই মামলার আপিল এডমিট করেছে। তাকে জামিনও দিয়ে দিয়েছে। তার মানে এখানে আপিলের সারবত্তা রয়েছে। 

“যদি তিনি আপিল না করতেন, আপিল এডমিটেড না হত, তাহলে (সংসদ সদস‌্যপদ) বাতিলের প্রশ্ন সামনে আসত।”

সুপ্রিম কোর্টের আইনজীবী শফিক বলেন, আপিলে যদি বদির দণ্ড বহাল থাকে, সেক্ষেত্রে তার সংসদ সদস‌্যপদ শূন‌্য হবে।

পুরনো খবর:

দুর্নীতির দায়ে সাংসদ বদির কারাদণ্ড
সাজার বিরুদ্ধে বদির আপিল
দণ্ডিত বদির জামিন, জরিমানাও স্থগিত