বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থী কোটার বৈধতা নিয়ে হাই কোর্টের রুল
দেশের বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে ‘প্রশ্নপত্রে ভুল’ থাকায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কেন বাতিল ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
এ বিষয়ে এক আইনজীবীর করা রিট আবেদনে দুদিন শুনানির পর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্জ মঙ্গলবার এ আদেশ দেয়।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, ইব্রাহীম মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মোট নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আর আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। গত ১৬ অক্টোবর রিট আবেদনটিও করেছিলেন এই আইনজীবী।
রুলের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ইউনুস জানান, রুলে মেয়েদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা অযৌক্তিক। এতে আমাদের দেশের শিক্ষার্থীরা ভর্তি থেকে বঞ্চিত হয়ে আসছে। অথচ বিদেশি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা না দিয়েই সে সুযোগ পাচ্ছে। তাই আদালতের দারস্থ হয়েছি।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমানও রুল জারির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
রিট আবেদনে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ‘বিদেশি কোটায় দেশি শিক্ষার্থী ভর্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের অনুলিপি সংযুক্ত করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজে ৪০ শতাংশ কোটা বরাদ্দ ছিল। এতে সর্বোচ্চ ৫ শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
এর আগে ২০১১-১২ শিক্ষাবর্ষে বিদেশি কোটা ছিল ২৫ শতাংশ। ওই সময়ও ৫ শতাংশের বেশি শিক্ষার্থী ভর্তি হয়নি। হাতেগোনা কয়েকটি মেডিকেলে ১৫-২০ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
এরপরও প্রতি বছর বেসরকারি মেডেকেলে বিদেশি কোটা ৫-১০ শতাংশ হারে বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরে আরও ১০ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এবছরও ৫ শতাংশের বেশি শিক্ষার্থী ভর্তি হয়নি।
