সশস্ত্র বাহিনী বোর্ডের জন্য ‘আইনি সাংগঠনিক কাঠামোর’ সুপারিশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সাংগঠনিক কাঠামোকে দ্রুত আইনের আওতায় আনতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সশস্ত্র বাহিনী বোর্ডের সাংগঠনিক কাঠামো এবং এর নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) কে দ্রুত একটা আইনি কাঠামোর অধীনে এনে এর সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
জানতে চাইলে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের জানান, সরকারের নির্বাহী আদেশে সশস্ত্র বাহিনী বোর্ডের জন্ম হয়েছিল। তবে এর যে সাংগঠনিক কাঠামো তার জন্য কোনো আইন নেই।
“কিন্তু কমিটি মনে করে, প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে হলে এর কাঠামোকে আইনি ভিত্তি দিতে হবে। তাই কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।”
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ১৯৪২ সালে ব্রিটিশ সরকারের অধীনে সোলজারস, সেইলরস অ্যান্ড এয়ারম্যান বোর্ড প্রতিষ্ঠা করা হয়। পরে পাকিস্তান আমলে প্রতিষ্ঠানটি পাকিস্তান সোলজারস, সেইলরস অ্যান্ড এয়ারম্যান বোর্ডে নামে নিজেদের কাজ পরিচালনা করে।
দেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটির নাম হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। ১৯৭২ সালের ২ নভেম্বর সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৮৪ সালে সশস্ত্র বাহিনী বিভাগ গঠিত হওয়ার পর সশস্ত্র বাহিনী বোর্ড পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া হয়। বর্তমানে এই বোর্ডের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ২৪১ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর সার্বিক কার্যক্রম ও বিগত ৫ বছরের অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আইন সঙ্গতভাবে দ্রুততার সঙ্গে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ ও নাভানা আক্তার অংশ নেন।
