২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের দুর্নীতি মামলা: আপিল শুনানি পিছিয়েছে

দুই যুগ আগের এক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আপিল শুনানি পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম মঙ্গলবার চার সপ্তাহের সময়ের আবেদন করলে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ শুনানির জন‌্য ৩০ নভেম্বর  নতুন তারিখ রাখেন।

সিরাজুল ইসলাম আদালতকে বলেন, “সাবেক প্রেসিডেন্ট এরশাদ গুরুতর অসুস্থ। মামলা সংক্রান্ত কারণে তিনি আমার সাথে কথা বলতে পারছেন না। মানবিক কারণে চার সপ্তাহের সময় প্রার্থনা করছি।”

তাছাড়া এর আগে অন‌্য আইনজীবী এ মামলা পরিচালনা করায় নিজের প্রস্তুতির জন‌্যও সময় প্রয়োজন বলে আদালতকে জানান এরশাদের আইনজীবী।

এ সময় বিচারক বলেন, ১৯৯২ সালের মামলা এখনও যদি বিচারাধীন থাকে তাহলে হাই কোর্টের দরজা বন্ধ করে দেওয়া উচিৎ।

“তিনি সাবেক প্রেসিডেন্ট হলেও আলাদা কোনো সুযোগ পাবেন না। আইন সবার জন্য সমান। আপনাকে শেষ সুযোগ দেওয়া হল। এরপর আপনাকে আর সুযোগ দেওয়া হবে না।”

দুদকের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন মো. খুরশীদ আলম খান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে ১৯৯১ সালের ৮ জানুয়ারি দায়ের করা এ মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো।

মামলায় বলা হয়, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে এরশাদ এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়ম ঘটিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এ মামলার রায়ে এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়।

এরশাদ ওই বছরই হাই কোর্টে আপিল করলে দণ্ড স্থগিত হয়ে যায়। পরে ২০১২ সালে দুর্নীতি দমন কমিশন এ মামলায় পক্ষভুক্ত হয়।

মামলাটি শুনানির জন্য এর আগে একবার আদালতে উপস্থাপন করা হলেও পরে তা আর এগোয়নি। গত অগাস্টে আবারও এই আপিল শুনানির উদ্যোগ নেয় দুদক।

১৯৯০ সালে গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর বিভিন্ন অভিযোগে প্রায় তিন ডজন মামলা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে তিনটি মামলায় তার সাজার আদেশ হয় এবং একটিতে তিনি সাজা খাটা শেষ করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে এরশাদ নির্বাচন কমিশনে যে হলফনামা দেন, তাতে তখনও আটটি মামলা থাকার কথা বলা হয়। বাকি মামলাগুলো থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, অথবা মামলার নিষ্পত্তি হয়ে গেছে।

এই আট মামলার মধ্যে চারটির কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মঞ্জুর হত্যাসহ তিনটি মামলা বর্তমানে চালু রয়েছে।