২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ

সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 11:09 AM

Updated : 12 Apr 2022, 03:18 AM

আসামি ও রাষ্ট্রপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সারসংক্ষেপ জমা দিতে হবে। ওই সময়ের মধ্যে জমা না দিলে মামলা ‘আপিল শুনানির জন্য প্রস্তুত’ বলে গণ্য করা হবে বলে আদেশে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

এ মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ দুই জনের করা আপিল মঙ্গলবার আদালতে উঠলে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার মুখে পড়েন।

এতে ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন। এছাড়া পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি মারা যান হাসপাতালে।

আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন ওই ঘটনায় আহত হন।

পুলিশ ওইদিনই সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৭ সালের ৭ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, তার ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

যথাযথ ঠিকানা না থাকায় মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ ওরফে খাজার নাম প্রথমে বাদ দেওয়া হলেও পরে তাকে যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছর নভেম্বরে হয় অভিযোগ গঠন।

৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের (মুত্যুদণ্ড অনুমোদনের আবেদন) শুনানি শেষে চলতি বছর ১১ ফেব্রুয়ারি রায় দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ।

তাতে আসামিদের আপিল খারিজ হয়ে যায়, মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন দণ্ড বহাল থাকে।

কারাগারে থাকা পাঁচ আসামির মধ‌্যে মুফতি হান্নান ও বিপুল হাই কোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর গত ১৪ জুলাই আপিল করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী সেদিন সাংবাদিকদের বলেছিলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মহিবুল্লাহ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল আপিল করবেন না বলে তিনি জানতে পেরেছেন।

পুরনো খবর:

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনের আপিল