নারায়ণগঞ্জ সিটিতে ভোট ২২ ডিসেম্বর
২২ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই হবে, ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার।
সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম।
নারায়ণগঞ্জে গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন।
বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী
২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী।
সেবার বিএনপি নারায়ণগঞ্জে ভোট বর্জন করলেও পরে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল। এবারের বিষয়ে দলটির কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
ভোটে জয়ী আইভী ২০১১ সালের ২৭ নভেম্বর শপথ নিয়ে ১ ডিসেম্বর দায়িত্ব নিয়েছিলেন। ওই বছরের ২৭ ডিসেম্বর এ সিটির প্রথম সভা হয়। সে হিসাবে এ বছর ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
ওই সময়সীমার চার দিন আগেই ভোটের দিন ঠিক করেছে ইসি।
নারায়ণগঞ্জে গত সিটি নির্বাচনের ব্যালট বাক্স
তফসিল ঘোষণার সংবাদ সম্মেলনে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
মো. তারিফুজ্জামান, সহিদ আব্দুস সালাম, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ নাজিম উদ্দীন, মো. রশিদ মিয়া, সাইয়েদ মো. আনোয়ার খালেদ, মো. ওমর ফারুক ও মো. সুমন মিয়া এই নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
কাজী রকিব নেতৃত্বাধীন ইসির মেয়াদের শেষ দিকে নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে। তাদের মেয়াদ ফুরোনোর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুমিল্লা সিটির ভোট করার কথা রয়েছে।
২০১২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দশম সংসদ নির্বাচন, সিটি, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন শেষ করেছে বর্তমান ইসি। জেলা পরিষদ নির্বাচনও করতে যাচ্ছে প্রথমবারের মতো।
একনজরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
* একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।
* মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ।
* সম্ভাব্য ভোটকেন্দ্র ১৬৩টি ও ভোটকক্ষ ১২১৭টি।
* ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ১২১৭ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৪৩৪ জন পোলিং কর্মকর্তা ভোট নেবেন।
