গাইড বইয়ের প্রশ্ন জেএসসিতে, শিক্ষকের শাস্তি
গাইড বইয়ের প্রশ্ন হুবহু অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রে জুড়ে দেওয়ার শাস্তি হিসেবে এক শিক্ষককে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি করেছে সরকার।
ওই প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত চার শিক্ষককের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না- তাও জানতে চেয়ে নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও গাইড বই থেকে জেএসসির কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম প্রত্রের প্রশ্ন করায় ওই শিক্ষকদের শোকজ করা হয়েছে।
এতে বলা হয়, দায়িত্ব পালনে অযোগ্যতা ও অবহেলার অভিযোগে প্রশ্ন প্রণয়নকারী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল ওহাবকে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানাতে বলেছে মাউশি।
প্রশ্ন পরিশোধনকারী কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তারকেও সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
