২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উসকানির মামলায় মান্নার জামিন স্থগিত

সেনা বিদ্রোহে উসকানির মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাই কোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 11:12 AM

Updated : 20 Aug 2022, 02:14 PM

রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সোমবার এ আদেশ দেয়।

মান্নার জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান।

নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়।

এই দুই মামলায় নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হলে তিনি হাই কোর্টে আবেদন করেন।

এই প্রেক্ষিতে গত ২১ মার্চ রুল দেয় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ। মান্না কেন জামিন পাবেন না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

সেই রুলের রুলের শুনানি নিয়ে গত ১০ নভেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ মান্নার জামিনের আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে রোববার চেম্বার আদালতে যায়। চেম্বার বিচারপতি আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলে সোমবার তা শুনানির জন‌্য ওঠে।

পুরনো খবর:

উসকানির মামলায় মান্নার জামিন