উসকানির মামলায় মান্নার জামিন
সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ জামিনের আদেশ দেয়।
আদালতে মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ।
জামিন আদেশের পর মান্নার আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, “এই মামলায় তিনি ২১ মাস ধরে আটক আছেন। সেনাবাহিনীতে বিদ্রোহের প্ররোচনার অভিযোগ তার বিরুদ্ধে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন।
“সরকার টেলিফোন রেকর্ডিংয়ের ভিত্তিতে মামলাটি করেছে। এটা সম্পূর্ণভাবে বে-আইনি কাজ। সরকার এভাবে কারও টেলিফোনের কথা রেকর্ড করতে পারে না। আর বে-আইনি সাক্ষ্যও আদালতে উপস্থাপন করতে পারে না।”
রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক মান্নাকে আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী।
“এখানে আইনি কোনো কারণ ছিল না। আপনারা জানেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে যেন নির্বাচন না করতে পারেন, সে জন্যই তাকে আটক রাখা হয়। যাহোক, রায় হয়েছে। আমরা আশা করছি, মাহমুদুর রহমান মান্না সাহেব আগামী সপ্তাহেই জেল থেকে ছাড়া পাবেন।”
মান্নার জামিনের বিষয়ে কথা বলার সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকাণ্ডের সমালোচনাও করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
“প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল তিনি, সরকারের অ্যাটর্নি জেনারেল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তারা দলীয় সরকারের উকিল হয়ে গেছেন।”
গত ২১ মার্চ রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুই মামলায় মান্না কেন জামিন পাবেন না- তা জানতে চেয়ে রুল দিয়েছিল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে টেলিকথোপকথনে রাষ্ট্রদ্রোহমূলক কথা বলার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও খোকার বিরুদ্ধে ২০১৫ সালের ৫ মার্চ গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
টেলিআলাপে সেনাবিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে এর আগে ২৪ ফেব্রুয়ারি একই থানায় মান্নার বিরুদ্ধে মামলা করার পর দিন তাকে গ্রেপ্তার করা হয়।
এই দুই মামলায় গত ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। পরে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাই কোর্টে জামিনের আবেদন করেন।
এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাই কোর্ট।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনে গত ৪ সেপ্টেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত হাই কোর্টের জামিন আদেশ স্থগিত করে।
