২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রের মদদেই সাঁওতাল নির্যাতন: সুলতানা কামাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর নির্যাতনের জন‌্য রাষ্ট্রের মদদকে দায়ী করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রোববার ছাত্র ইউনিয়নের উদ‌্যোগে ‘প্রতিবাদী ছাত্র-জনতা’ ব‌্যানারে ঢাকার শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব‌্যে এই দাবি করেন তিনি।

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযান এবং এই নৃগোষ্ঠির সদস‌্যদের হত‌্যার জন‌্য দায়ীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি ডাকে বাম ছাত্র সংগঠনটি।

সমাবেশ থেকে হত‌্যার বিচার, আদিবাসীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে ওই জমিতে বসবাসরত সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন।

তখন সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সাঁওতালদের শতশত একচালা ঘর পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দিয়েছে।

সুলতানা কামাল বলেন, “সাঁওতালদের নৃশংসভাবে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। যদি রাষ্ট্রের মদদ না থাকত, তাহলে এসবের অনেক কিছুই ঘটত না। এধরনের ঘটনার মধ্যদিয়ে প্রতিনিয়তই আমরা সাম্প্রদায়িতার শৃঙ্খলে আটকে যাচ্ছি।”

নির্যাতিত সাঁওতালদের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে তাদের আগের জমিতে পুনর্বাসনের দাবি জানান তিনি।

“আমরা কোনো ত্রাণ চাই না। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

উদ্বাস্তু হয়ে যে সাঁওতালরা এখন খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে শীতের প্রকোপ থেকে তাদের রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সুলতানা কামাল।

ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ব্যারিস্টার জোর্তিময় বড়ুয়া, গারো ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক টনি ম্যাথিও চিরান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি লিটন নন্দী প্রমুখ।