মোনায়েম খানের বাড়ি নিয়ে আদালতের প্রশ্ন
স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বনানীর বাড়ির বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট; ওই বাড়ি সংলগ্ন দখল করা জায়গাটিও উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।
মোনায়েম খানের উত্তরাধিকারদের হাত থেকে ওই বাড়ি সংলগ্ন ১০ কাঠা জমি উদ্ধার এবং বাড়িটির বরাদ্দ বাতিলে সরকারি সিদ্ধান্তের পর রোববার হাই কোর্টের এই আদেশ হয়।
পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে ১৯৬৬ সালে তৎকালীন ডিআইটি বনানী ২৭ নম্বর সড়কে ৫ বিঘার ওই প্লটটি বরাদ্দ দিয়েছিল।
১৯৬৭ সালে জমিটির লিজ দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা হয় বলে রাজউক কর্মকর্তারা জানান। এরপর সেখানে বাড়ি ‘বাগ-ই মোনায়েম’ নির্মাণ করেন পাকিস্তান মুসলিম লীগের শীর্ষ পর্যায়ের এই নেতা।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় নামা মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর ওই বাড়িতেই মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাধীনতার পর মোনায়েম খানের উত্তরাধিকাররা ওই বাড়ির দখল রেখে দেন। সেই সঙ্গে বাড়ির সামনের ১০ কাঠা সরকারি জমিতেও স্থাপনা নির্মাণ করে দখল করেন বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান।
গত ৩ নভেম্বর সিটি কর্পোরেশন ওই অবৈধ দখল উচ্ছেদ করলে তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন মোনায়েম খানের ছেলে এ এইচ এম কামরুজ্জামান খান।
তার আবেদনে বলা হয়, ২০০৯ সালে সিটি করপোরেশন দুটি নোটিস দিয়ে ৬০ ফুট জায়গার দখল ছাড়তে বলার পর তা চ্যালেঞ্জ করে তার আবেদনে ওই বছরের ২৬ জানুয়ারি হাই কোর্ট স্থিতাবস্থা জারি করে।
গত ৬ নভেম্বর হাই কোর্টে কামরুজ্জামান ওই আবেদন করলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। সেইসঙ্গে নিষেধাজ্ঞার পরও উচ্ছেদ অভিযান কেন হয়েছে, সিটি করপোরেশনকে সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়।
ওই আদেশে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে রোববার জবাব দাখিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির আইনজীবী শাহজাদা আল আমিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নকশা অনুযায়ী ২৭ নম্বর রোড ও ১১০ নম্বর বাড়ির মাঝখানে ৫০ ফুটের একটি সবুজ এলাকা রয়েছে। সেটি উদ্ধার করতেই ডিএনসিসি অভিযানে গিয়েছিল।
“কিন্তু ওই জায়গার মালিকানা দাবি করছে মোনায়েম খানের পরিবার। যার কোনো ভিত্তি নেই। এ অবস্থায় আজ শুনানি শেষে আদেশ দেয় আদালত।”
মোনায়েম খানকে কোন ক্ষমতাবলে বনানীর ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। দুই সপ্তাহের মধ্যে রাজউককে এর জবাব দিতে হবে।
একইসঙ্গে রাস্তার পাশে সবুজায়নের জন্য বরাদ্দ করা ৫০ ফুট বাই ২০০ ফুট জায়গা যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করে দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে ১৬ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে উচ্ছেদ অভিযানের পর স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের ওই বাড়ির বরাদ্দ বাতিল করতে রাজউককে নির্দেশ দেওয়ার কথা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ওই বাড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
