২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙা হল মোনায়েম খানের বাড়ির অবৈধ স্থাপনা

সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল বাংলাদেশের স্বাধীনতার বিরোধী মোনায়েম খানের রাজধানীর বনানীর বাড়ির একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 06:31 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

বৃহস্পতিবার বিকালে ‘বাগ-ই মোনেয়েম’ এ দেড় ঘণ্টার এই উচ্ছেদ অভিযানকে ইতিহাসের ‘স্মরণীয় দিন’ অভিহিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

মোনায়েম পরিবারের অবৈধ দখল থেকে ১০ কাঠা জমি উদ্ধার করেছে সিটি করপোরেশন। এই স্বাধীনতাবিরোধীর বাড়ির জমিটি বাজেয়াপ্ত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মেয়র আনিসুল।

কিশোরগঞ্জের বাজিতপুরের মোনায়েম খান ছিলেন মুসলিম লীগের বড় নেতা। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পেয়ে বাংলার মানুষের স্বাধিকার আন্দোলন দমনে আইয়ুব খানের হাতিয়ার ছিলেন মোনায়েম খান।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতায় নামা মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর বনানীর এই বাড়িতে মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযানে কল‌্যাণপুরে নিহত যুবকদের মধ‌্যে মোনায়েম খানের এক নাতি আকিফুজ্জামান খানও ছিলেন।

অবৈধ দখল উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযানের সময় বনানীর ২৭ নম্বর সড়কের ১১০ নম্বর প্লটে মোনায়েম খানের বাড়িতে তার পরিবারের কোনো সদস‌্যকে দেখা যায়নি।

চারটি বুলডোজার, দুটি ডাম্প ট্রাক নিয়ে সিটি করপোরেশনের প্রায় ১০০ শ্রমিক অভিযান চালায়। সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় একটি গাড়ির শো-রুম, একটি স্কুলের ফটক এবং ‘বাগ-এ মোনেয়েম’ এর সামনের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, বাড়ির সামনের ১০ কাঠা জায়গা গত প্রায় ৫০ বছর ধরে দখল করে রাখা হয়েছিল।

অভিযান শেষে সেখানে বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

অভিযানের শেষ দিকে উপস্থিত হন মেয়র আনিসুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। সাধারণ মানুষের এ জায়গাটি গত ৫০ বছর ধরে দখল করে রেখেছিল।

“আমরা শুনেছি এদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা সরকারিভাবে যিনি সবচেয়ে বেশি করেছিলেন, যাদের উপর মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিয়েছিল। তাদের পরিবারের কাছে এইখানে একটি বিরাট জমি গত ৫০ বছর ধরে পড়ে আছে। সরকারের এ জমি এতদিন ধরে দখল হয়ে আছে, কোনো সংস্থা এর বিরুদ্ধে কোনো কাজ করেনি।”

মোনায়েম খানের নামে দেওয়া জমির বরাদ্দ বাতিলের দাবিও জানান মেয়র।

উদ্ধার হওয়া জমিতে কবরস্থান, সবুজ বেষ্টনি, রাস্তা বা ফুটপাত হতে পারে বলে জানান তিনি।

ঢাকায় এভাবে শতশত বিঘা জমি দখল করে রাখা হয়েছে জানিয়ে আনিসুল বলেন, “তাদেরকে রিকোয়েস্ট করছি, সাধারণ মানুষের জমি ছেড়ে দিন।”

রেলওয়ে, সড়ক ও জনপথ, রাজউক, সিটি করপোরেশনসহ সরকারি জমি উদ্ধারে একটি কমিশন করার অনুরোধ জানান মেয়র আনিসুল।