হাসান আজিজুল হক টেরিফিক রাইটার: মুহিত
কথাসাহিত্যে ‘সামগ্রিক অবদানের’ জন্য হাসান আজিজুল হক এবং নবীন সাহিত্য শ্রেণিতে স্বকৃত নোমানের হাতে এবারের ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ তুলে দেওয়া হয়েছে।
হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিনকে সামনে রেখে তাদের এই পুরস্কারটি তুলে দেয় এক্সিম ব্যাংক ও পাক্ষিক পত্রিকা অন্যদিন।
শনিবার বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন-প্রবীণ এ দুই সাহিত্যিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
হাসান আজিজুল হকের ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’-এর অর্থমূল্য পাঁচ লাখ টাকা। অন্যদিকে ‘কালকেউটের সুখ’ উপন্যাসের জন্য নবীন সাহিত্য শ্রেণির পুরস্কারটির অর্থমূল্য এক লাখ টাকা। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, উত্তরীয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে এসে হাসান আজিজুল হক বলেন, “লেখকদের এভাবে পুরস্কৃত করলে তারা অনুপ্রাণিত হয়, এটি ভীষণ উৎসাহব্যঞ্জক। হুমায়ূনের নামাঙ্কিত এই পুরস্কারটি গ্রহণ করে আমি ভীষণ গর্ববোধ করছি।”
স্বকৃত নোমান বলেন, “আজ আমি এমন একজনের সঙ্গে এ পুরস্কারটি পেলাম, সাহিত্যজীবনের শুরু থেকে যার হাত আমার মাথার উপর আছে।”
পুরস্কার তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, “হাসান আজিজুল হক টেরিফিক রাইটার, সাহিত্যে টেরিফিক হওয়া সহজ নয়। শুধু কি ঔপন্যাসিক হিসেবে, তার সাহিত্য সমালোচনাও দারুণ।”
স্বকৃত নোমানের প্রতি তার আশির্বাদ, “উৎকৃষ্ট ভবিষ্যতের পথে জোর কদমে অগ্রসর হও।”
পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হুমায়ূন স্মৃতিসভা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুরুতেই স্মৃতিচারণ করলেন হুমায়ূন আহমেদের ‘কালজয়ী’ নাটক ‘কোথাও কেউ নেই’ এর। নাটকে আসাদুজ্জামান নূর অভিনীত ‘বাকের ভাই’ চরিত্রটি তাকে এতই দোলা দিয়েছিল যে বিদেশের চাকরি থেকে ‘বিশেষ ব্যবস্থায়’ ছুটি নিয়ে তিনি ঢাকায় এসে দেখেছেন নাটকের শেষপর্বটি।
অর্থমন্ত্রী বলেন, “সে সময়ে ঢাকায় পড়ুয়া মানুষ খুঁজেই পাওয়া যেত না। হুমায়ূন আহমেদ সেই দীনতা দূর করলেন। তিনি যদি বেশি কিছু নাও করতেন আর, তার সেই কাজটির জন্যই বাংলা সাহিত্য তাকে চিরদিন স্মরণ করত।”
হুমায়ূন আহমেদ রাজধানীতে সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠায় ‘মূল্যবান অবদান’ রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।
বাংলা একাডেমির সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “এই পুরস্কারটি একইসঙ্গে আনন্দ ও বেদনার।”
“হুমায়ূন আহমেদ দীর্ঘ জীবন লাভ না করলেও তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুনভাবে জাগিয়ে দিয়ে গেছেন। তার রচনায় বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আমি বলবো, তার ছোট গল্পের দিকে আরেকটু মনযোগী হলে তার মৌলিক উৎকর্ষতার সঙ্গে পরিচিত হওয়া যাবে।”
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, “তার (হুমায়ূনের) ‘নন্দিত নরকে’ আর ‘শঙ্খনীল কারাগার’ পড়ে মনে হয়েছিল, তিনি বড় অদ্ভূত বিষয় নিয়ে লিখেন যা মনকে বিতাড়িত করে কিংবা তার গ্রহণযোগ্যতা সহজ নয়। একজন সম্পূর্ণ সাহিত্যিক হয়ে উঠতে গেলে মানুষকে জানতে হয়, হুমায়ূন তা পেরেছিলেন।”
পরে তিনি প্রকাশকদের প্রতি সবগুলো হুমায়ূন রচনা জড়ো করে একটি সমগ্র প্রকাশের অনুরোধ করেন।
স্মৃতিচারণ পর্বে এসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল জানান, তিনিই ‘নন্দিত নরকে’ উপন্যাসের প্রথম পাঠক, হুমায়ূন আহমেদ তাকেই প্রথম খসড়াটি দেখিয়েছিলেন।
“আমি সেদিনই বুঝেছিলাম, বাঙালির ভেতরে এক অনন্য অসাধারণ লেখকের জন্ম হয়েছে।”
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার মা আয়েশা ফয়েজ তাকে উদ্দেশ্য করে বেশকিছু চিঠি লিখে গেছেন। সেই চিঠিগুলোর সংকলন ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হবে বলে জানান অধ্যাপক জাফর ইকবাল।
হুমায়ূনপত্নী অভিনেত্রী–পরিচালক মেহের আফরোজ শাওন বলেন, “তিন-চার বছর পর যেন এ পুরস্কারটি থেমে না যায়। এই পুরস্কারটি যেন সাহিত্যিকদের কাছে এক স্বপ্নের পুরস্কার হয়ে উঠে।”
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “সস্তা জনপ্রিয়তার তরল লেখক ছিলেন না হুমায়ূন আহমেদ। তার লেখা প্রগতিশীল তরুণদের দারুণভাবে অভিভূত করেছিল। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তিনি সেসময় উচ্চারণ করেছিলেন, ‘তুই রাজাকার’, যা ভাবাই যেত না। বাংলা সাহিত্যকে সীমান্ত অতিক্রম করতেও সহায়তা করেছিলেন তিনি।”
এবারের পুরস্কারের বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আনিসুজ্জামান। সদস্য হিসেবে ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল হাসনাত ও পূরবী বসু।
গত বছর ‘সামগ্রিক অবদানের’ জন্য পুরস্কৃত হয়েছিলেন শওকত আলী এবং নবীন সাহিত্য শ্রেণিতে পুরস্কারটি পেয়েছিলেন সাদিয়া মাহ্জাবীন ইমাম।
অনুষ্ঠান শেষে শিল্পী সেলিম চৌধুরী হুমায়ূন আহমেদের লেখা গানগুলো পরিবেশন করেন।
