২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পরিকল্পনায় সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার আহ্বান

নগর পরিকল্পনায় সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সেমিনার ও র‍্যালিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দেশের পরিকল্পনাবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শুক্রবার রাজধানীর বাংলা মোটর প্যানার্স টাওয়ারে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে পরিকল্পনাবিদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

বিশ্বব্যাপী ৮ নভেম্বর পালিত হওয়া এই দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘প্ল্যানিং এরাউন্ড দ্য ওয়ার্ল্ড’।

দিবস উপলক্ষে সেমিনার ও র‌্যালির পাশাপাশি দিনব্যাপী পোস্টার, ডিজাইন ও ছবি প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিআইপি।

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত পরিকল্পনাবিদরা নগরের সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে নগরবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জীবনে সমতা, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়নেরও দাবি জানান।

অনুষ্ঠানে বিআইপি থেকে ঢাকা ও ময়মনসিংহকে ভবিষ্যতে আরও বাসযোগ্য করে নির্মাণের লক্ষ্যে তিনটি খসড়া পরিকল্পনা প্রতিবেদন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ হতে ‘ভবিষ্যৎ ঢাকার’ পরিকল্পনা তুলে ধরা হয়।

সেমিনারের অন্যতম অতিথি নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশিদ জামিল হোসেনতৌফিক সমগ্র বাংলাদেশকে পরিকল্পনার আওতায় আনবার আশ্বাস দেন।

“সমগ্র বাংলাদেশের নগর পরিকল্পনা আমাদের ঠিক করতে হবে। পরিকল্পনা হতে হবে মানুষদের জন্যে এবং মানুষদের সাথে নিয়েই তা করতে হবে।”

আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ সব শ্রেণি পেশার মানুষদের পরিকল্পনার আওতায় আনবার জন্যে পরিকল্পনাবিদদের আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের দুর্বলতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে সবার সহযোগিতা চান।

তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সরকার কিংবা রাজউক একা কিছু করতে পারবে না। দেশের সকল শিক্ষিত লোকদের দায়িত্ব নিতে হবে।”

বাংলাদেশে পরিকল্পনাবিদদের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে মন্তব্য করে সচিব বিআইপিতে অনুদান বাড়ানো এবং সরকারিভাবে নতুন পরিকল্পনাবিদদের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র পরিকল্পনাবিদ কাজী ফজলুল হক, রাজউকের ডেপুটি নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম এবং বিআইপি-এর ভাইস প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন উপস্থিত ছিলেন।

পৃথিবীকে পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এবং উন্নয়নের গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরার জন্যে ১৯৪৯ সাল থেকে বিশ্বব্যাপী বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে বিআইপি-এর উদ্যোগে ২০০৫ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে।