২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হিন্দুদের বাড়ি-মন্দির ঠিক করতে আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দির সরকারি খরচে নির্মাণ করে দিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 07:08 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে সরকারবিরোধী আন্দোলনে নামার ঘোষণাও দেন সংগঠনটির নেতারা।

এ সময় হিন্দু মহাজোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম কে রায় বলেন, হিন্দুদের ঘরবাড়ি-মন্দিরে জ্বালাও পোড়াওয়ের ফলে অনেক ক্ষতি হয়েছে। সরকারি খরচে তাদের বাড়ি ঘর নির্মাণ করে দিতে হবে।

একই সঙ্গে ‘হিন্দুদের গালি দেওয়ায়’ স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও পশুসম্পদমন্ত্রী ছায়েদুল হকের অপসারণ এবং ‘মিথ্যা অপবাদ’ দিয়ে আটক রসরাজকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

এম কে রায় বলেন, “৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো মেনে না নিলে আমরা ১ তারিখ থেকে সরকারের পদত্যাগ দাবির আন্দোলন চালিয়ে যাবো।”

সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট চলে বেলা সোয়া ১২টা পর্যন্ত। এরপর ধর্মঘটকারীরা শাহবাগে অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে যান।

এ সময় সড়কে দাঁড়িয়ে আগুনও দেয় বিক্ষোভকারীরা। তারা ‘ছায়েদুলের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘এক দফা এক দাবি, ছায়েদুল তুই কবে যাবি’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগান দেন।

একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম ব্যানারে আরেকটি মানববন্ধন আয়োজন করা হয়।

এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অনির্বাচিত সরকারের শাসনে দেশে স্বাভাবিক পরিস্থিতির পরিবর্তে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে চায়, তখন সরকার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক হামলা করে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায়।

সরকারি দলের নেতাকর্মীরা যে এর পেছনে জড়িত এটা এখন দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করে তিনি।

“আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করছেন সরকারের উন্নয়ন প্রয়াস বাধাগ্রস্ত করার জন্য এই হামলা করা হচ্ছে। তার মানে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাহলে নিজেদের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে?,” প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “এ ধরনের ঢালাও অভিযোগ বাদ দিয়ে যে ঘটনা ঘটলো তার বিচার বিভাগীয় তদন্ত করার দাবি আমরা জানাচ্ছি।”

এ মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীও অংশ নেন।

নাসিরনগরে হিন্দু বাড়ি-মন্দিরে ভাংচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি।

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের পর একটি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি কদম ফোয়ারা, পল্টন মোড় ও জিরো পয়েন্ট ঘুরে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছে শেষ হয়।

কর্মসূচির সমাপনী বক্তব্যে মহাশ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ বলেন, “কারা আক্রমণ করছে সেটা আমরা জানতে চাই না। আমরা কেন আক্রান্ত হচ্ছি, সেটাই আমাদের প্রশ্ন। আমরা ঘটনার বিচার চাই।

“হিন্দুদের সম্পত্তি দখলের লোভ, তাদের বিতাড়িত করার চক্রান্ত যা-ই হোক, সবকিছু উদ্ঘাটন করতে হবে।”

দেশব্যাপী যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকালে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে যুব ইউনিয়ন।